Main Menu

শাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় শাবিসহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ইউনিটের পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় বেলা ১১টায়। দুপুর আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। এ ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ৮টি সহ মোট ৩৫ টি কেন্দ্রে ও বি ইউনিটে মোট ৫৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বছর বিশ্ববিদ্যালয়ে দুইটি ইউনিটে মোট ১৭০৩টি আসনের বিপরীতে ৭৬ হাজার ১৮২জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে। ‘এ’ ইউনিটে ৬১৩ আসনের বিপরীতে ২৮ হাজার ৮৫১ জন শিক্ষার্থী আবেদন করেছে। এছাড়া ‘বি’ ইউনিটে ৯৯০টি আসনের বিপরীতে ৪৭ হাজার ৩৩১জন শিক্ষার্থী আবেদন করেছে। ২৮টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। তার মধ্যে এ ইউনিটের অধীনে ৯টি এবং বি ইউনিটের অধীনে ১৯টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে ৬১৩টি ও ‘বি’ ইউনিটে ৯৯০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এছাড়া ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে সর্বমোট ১০০ জন শিক্ষার্থী (মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ২৮ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত কোটায় ২৮, প্রতিবন্ধী কোটায় ১৪, চা শ্রমিক কোটায় ৪, বিকেএসপি কোটায় ৬ ও পোষ্য কোটায় ২০) বিভিন্ন বিভাগে ভর্তি করানো হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত কয়েকদিন ধরে ভর্তি জালিয়াতে ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করছেন কর্তৃপক্ষ। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করেছে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ। তিনি জানান, ‘শিক্ষার্থীরা পরীক্ষার হলে শুধু মাত্র নির্দিষ্ট ক্যালকুলেটর নিয়ে আসতে পারবে। অন্যকোনো ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় শৃঙ্খলা কমিটির প্রধান অধ্যাপক রাশেদ তালুকদার জানান, ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারে নিকট বিশ্ববিদ্যালয় হতে চিঠি দেওয়া হয়েছে। প্রত্যেক কেন্দ্রেই বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেতর বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিকসহ অন্যান্য সংগঠনের সব ধরণের মিছিল, সমাবেশ, শোভাযাত্রা, ব্যানার ও টেন্ট নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতি সন্তোষজনক ছিল বলে জানান উপাচার্য।

এদিকে, বৈরি আবহাওয়া থাকার কারণে সকাল হতে বৃষ্টি থাকায় পরীক্ষার্থীদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে দেখা যায়। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে যানজটের কারণে অনেক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে দেরীতে পৌঁছানোর খবর পাওয়া যায়।

Share





Related News

Comments are Closed