Main Menu

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিনের বিপক্ষে শুরুর দিকটা ছাড়া ম্যাচের পুরোটাই শাসন করেছে বাংলাদেশ দল। কক্সবাজারের ফুটবলপ্রেমীরা বৃষ্টি উপেক্ষা করে প্রিয় দলকে উৎসাহ দিয়ে গেছেন পুরো ম্যাচজুড়ে। ধারণক্ষমতার বেশি সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন গ্যালারিতে। নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার সমর্থক অপেক্ষায় ছিলেন ঘুরে দাঁড়াবে জেমি ডে’র শিষ্যরা। কিন্তু পারল না বাংলাদেশ।

বুধবার (১০ অক্টোবর) বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভালো খেলেও ফিলিস্তিনের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের।

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই গোল পেয়ে যায় ফিলিস্তিন। দলের ফরোয়ার্ড বালাহ হেড করে গোলকে এগিয়ে দেন। বিরতিতে যাবার আগে বাংলাদেশ ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল অনেকগুলো। তবে ফরোয়ার্ডরা কাজে লাগাতে পারেননি সেসব সুযোগ।

দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার আরও বাড়ায় স্বাগতিকরা। মুহুর্মুহু আক্রমণ চালিয়ে তারা ব্যতিব্যস্ত করে রাখে ফিলিস্তিনিদের রক্ষণভাগকে। বল দখলের লড়াই অথবা আক্রমণ- সব দিকেই এগিয়ে ছিল জামাল ভূঁইয়ার দল।

এর মধ্যেই ফিলিস্তিনের কাউন্টার অ্যাটাকে কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন লাল-সবুজদের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। দারুণ খেলেছেন সেন্ট্রাল ডিফেন্ডার তপু বর্মণও। শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন গোল হজম না করার।

অন্যদিকে মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, ইমন মাহমুদ, মাসুক মিয়া জনি. নাবিব নেওয়াজ জীবনরা চেষ্টা চালিয়ে যেতে থাকেন বল প্রতিপক্ষের জালে জড়ানোর। তবে কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে সক্ষম হননি কেউ। উল্টো যোগ করা অতিরিক্ত সময়ে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষের ফরোয়ার্ড সামেহ গোল করে বসলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলিস্তিন।

আগামী শুক্রবার (১২ অক্টোবর) ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের বিপক্ষে ফাইনালে নামবে ফিলিস্তিন ফুটবল দল।

Share





Related News

Comments are Closed