গেঁটেবাত-ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন খালেদা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গেঁটেবাত, ডায়াবেটিস, কোমরে ব্যথাসহ কিছু সমস্যা রয়েছে। কিছু পরীক্ষা দেয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ওষুধ দেয়া হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। সোমবার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চারজন সদস্য সাংবাদিকদের এসব কথা বলেন।
মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়া গেঁটে বাতজনিত সমস্যায় ভুগছেন। তার ডায়াবেটিসসহ বেশকিছু রোগ অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। এসব রোগ নিয়ন্ত্রণে আনতে হবে। এরপর তার মূল চিকিৎসা শুরু হবে।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার চিকিৎসা কত দিন চলবে, তা নির্দিষ্ট করে এখনই বলতে পারছে না মেডিকেল বোর্ড।
বোর্ডের সদস্য অধ্যাপক সৈয়দ আতিকুল হক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সমস্যাটা মূলত গেঁটে বাতজনিত।
বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কেবিন ব্লকের ছয়তলায় অবস্থান করছেন। আমরা হাই কোর্টের একটি নির্দেশনা পেয়েছি। সেই অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার সঙ্গে আমাদের দেখা হয়েছে ও কুশলবিনিময় হয়েছে।
মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক আবদুল জলিল চৌধুরী বলেন, গত ৩০ বছর ধরে খালেদা জিয়া রিউমাটো আর্থ্রাইটিস রোগে ভুগছেন। এই রোগ কন্ট্রোলে না রাখার কারণে তার বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। তার বাম হাত বেঁকে গেছে, বাম কাঁধ নড়াতে পারেন না, হাত ঝিম ঝিম করে।
তিনি বলেন, খালেদা জিয়ার ঘাড়ে ও কোমরে ব্যথা আছে। তার বাম হিপজয়েন্টে আর্থ্রাইটিস আছে। তার দুই হাঁটু আগে থেকে রিপ্লেস করা, সেখানে কিছুদিন আগে ফুলে গিয়েছিল। ওষুধ দিয়ে তা ঠিক করা হয়েছে।
জলিল চৌধুরী আরও বলেন, উনি গত ২০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। তাকে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ইনসুলিন দেয়া হয়েছিল। কিন্তু তিনি তা নেননি। তার ডায়াবেটিসের কী অবস্থা সেটি আমাদের দেখতে হবে। মাঝখানে তার সুগার কমে হাইপো-ডায়াবেটিস হয়ে গিয়েছিল। তিনি ব্লাডপ্রেসারের ওষুধ খাচ্ছেন। মাঝখানে কিছুদিন আগে তার জ্বর হয়েছিল। সেটা এখন নেই। তার শরীরের সোডিয়াম কমে গিয়েছিল। ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বোর্ডের সদস্যরা পড়েছেন। বোর্ড গঠনে হাইকোর্টের নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেনি।
আজ রাতেও মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মেডিকেল বোর্ডপ্রধান জানান।
গত ৬ অক্টোবর আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে বিএসএমএমইউতে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।
গত বৃহস্পতিবার হাই কোর্টের দেয়া নির্দেশনা অনুযায়ী, খালেদা জিয়ার চিকিৎসার জন্য মোট পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে খালেদা জিয়া রাজধানীর নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed