Main Menu

সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু ১ অক্টোবর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা স্টেডিয়ামে আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে বঙ্গবন্ধ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসর। এবারের আসরে অংশ নেবে ৬টি দেশের জাতীয় ফুটবল দল। দলগুলো হচ্ছে- বাংলাদেশ, লাওস, ফিলিস্তিন, নেপাল, ফিলিপাইন ও তাজিকিস্তান। ইতোমধ্যে বাংলাদেশ, লাওস, ফিলিস্তিন ও তাজিকিস্তান দল সিলেটে এসে পৌঁছেছে। টুর্ণামেন্টের সিলেট পর্ব চলবে ৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১ অক্টোবর সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও সিলেট ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় টুর্ণামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে কে স্পোর্টস।

শনিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট জেলা ক্রীড়া ভবনের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, সিলেট ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম বলেন, ছয়টি দেশের (বাংলাদেশ, লাওস, ফিলিস্তিন, নেপাল, ফিলিপাইন ও তাজিকিস্তান) জাতীয় ফুটবল দলের অংশগ্রহণে আগামী ১ হতে ৬ অক্টোবর পর্যন্ত গ্রæপ পর্বের ছয়টি খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে দর্শকদের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টস এর পক্ষ হতে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে। প্রতি টিকিটের মূল্য ৫০ (পঞ্চাশ) টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামের তিনটি কাউন্টারে পাওয়া যাবে। টুর্ণামেন্টের ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে মনোনীত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিনসহ সকল সম্মানিত কর্মকর্তাকে এবং টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সকল দলের সম্মানিত কর্মকর্তা ও খেলোয়াড়গণকে তিনি ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি ও উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট মঈন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি নুরুল আমিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed