ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।
এ ইউনিটে এক হাজার ৭৫০টি আসনের জন্য ৮১ হাজার ৯৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৮৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কার্জন হল পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন ও ক-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল আজিজ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
এদিকে, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে রাখা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে এ খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি।
তিনি জানিয়েছেন, পরীক্ষা শুরুর দিকে দু’জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ডিভাইস উদ্ধার করা হয়েছে।
তবে ওই দুই শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে প্রক্টর তাৎক্ষণিকভাবে তা জানাতে রাজি হননি। জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অন্যদের ট্রেস করা হচ্ছে জানিয়ে তিনি নিরাপত্তা জনিত কারণে আটককৃতদের নাম প্রকাশ করেননি।
প্রসঙ্গত, আজ বেলা ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবের্ষে অনার্স (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিট ও কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ওই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার সময় জালিয়াতির অভিযোগে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed