Main Menu

মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় শ্যালক-দুলাভাই নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা এলাকার শাহজাহান তালুকদারের ছেলে লাভলু তালুকদার (৩৮) এবং তার শ্যালক একই এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে নিয়ামুল ইসলাম (২৫)।

সদর থানার এসআই আব্দুল মমিন জানান, লাভলু দীর্ঘদিন ধরে মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কে সাকুরা কালার ল্যাবে চাকরি করছেন। তিনি স্ত্রী সুলতানা পারভীন ও দুই শিশুপুত্র ফাহিম ও সিয়ামকে নিয়ে শহরের ম্যাটারনিটি পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। তার শ্যালক নিয়ামুল দুই দিন আগে বোনের বাসায় বেড়াতে আসেন।

এসআই আরো জানান, লাভলু সকাল ৭টার কিছু আগে শ্যালক নিয়ামুলকে নিয়ে শহরের ম্যাটানিটি পাড়ার বাসা থেকে মোটর সাইকেলযোগে তার দুই শিশুপুত্রের জন্য শ্রীপুর উপজেলার রাধানগন বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। রাস্তায় হাইওয়ে সড়কে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী যুব উন্নয়ন অফিসের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি কার্ভাড ভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসআই আব্দুল মমিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সড়কে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক কাভার্ড ভ্যান ও তার চালকে শনাক্তের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed