Main Menu

এসআইইউ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা, আহত ৬

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভিসি, প্রোভিসির পদ শুন্য রয়েছে। স্থায়ী ক্যাম্পাসের জায়গা নিয়েও ঝামেলা চলছিলো বেশ কিছুদিন ধরে। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টিবোর্ড নিয়েও রয়েছে পাল্টাপাল্টি মামলা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তিতে সতর্কতা জারি করলে ছাত্র ছাত্রীরা আন্দোলনে নামে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন কারী শিক্ষার্থীরা একাধিকবার ক্লাস পরীক্ষা বয়কট করে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে তারা ক্লাসে ফিরে যায়। কিন্তু দাবি পুরণ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে এবং পরে প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

বিশ্ববিদ্যালয়টির আহত শিক্ষার্থী মিশু সিদ্দিকী জানান, আমরা ক্যাম্পাসে শান্তিপুর্ণ অবস্থান করছিলাম। হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ কিছু বহিরাগত সন্ত্রাসীদের সাথে করে নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে ৬ শিক্ষার্থী আহত হন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন- উত্তম সরকার, মিশু সিদ্দিকী, আনাছ চৌধুরী, রাকিব, শুভ, আতিক। তারা সবাই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজের মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করেনি।

Share





Related News

Comments are Closed