Main Menu

সিলেটে প্রতিবন্ধীদের জন্য চাকরী মেলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের প্রতিবন্ধীদের চাকুরীর সম্ভাবনার দ্বার খুলে দিল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

শনিবার (১৮ আগষ্ট) সকাল ৯টায় সিলেট মহানগরীর আমানউল্লাহ্ কনভেনশন সেন্টারে প্রতিবন্ধীদের চাকুরীমেলায় প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধীর চাকুরী প্রাপ্তির পাশাপাশি আরো শতাধিক প্রতিবন্ধীর চাকুরীর প্রতিশ্রুতি দিয়েছে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

সামাজিক দায়বদ্ধতা ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টিতে সিলেট চেম্বার অব কমার্সের সাথে এই চাকুরীমেলা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন (বিইএফ) ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)।

মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেন,এই চাকুরীমেলা আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থানে আমাদের চিন্তা ভাবনার দুয়ার খুলে দিয়েছেন আয়োজকরা। শোকের এই মাসে এরকম একটি মহৎ কাজের সাথে জড়িত হতে পেরে বঙ্গবন্ধুর আদর্শ ও নির্দেশ বাস্তবায়নেই কাজ করছি। তিনি বলেন, দেশের জনসংখ্যার ৯ শতাংশ প্রতিবন্ধী। এই বিশাল জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, একজন সুস্থ মানুষ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করলে প্রতিবন্ধীদের সমস্যা সমাধান করলে খুব বেশী বেগ পেতে হবে না।

ইমরান আহমদ বলেন, আইটি সেক্টরে বিশেষ করে কোম্পানীগঞ্জে গড়ে উঠা ইলেক্ট্রনিক সিটিতে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমাদের অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর সহযোগিতায় উদ্যোগ নেয়া হবে। তিনি বাজেটেও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবী জানান।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সিলেটে প্রথমবারের মতো আয়োজিত প্রতিবন্ধীদের চাকুরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান ও জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের নির্বাহী কমিটির কো চেয়ার সালাউদ্দিন কাশেম খান।

অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের বি সেপ প্রজেক্টের ডিজেবিলিটি কনসালটেন্ট অ্যালবার্ট মোল্লা।

এছাড়াও বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্কের কো-চেয়ার মোর্তেজা আর খান, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ নুরজ্জামান, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী, সিলেট চেম্বারের সহ সভাপতি এমদাদ হোসেন, আলীম ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, ফুলকলি’র উপ-মহাব্যবস্থাপক জসিম উদ্দিন খন্দকার, লুব-রিফ বাংলাদেশ লি. এর পরিচালক সালাউদ্দিন ইউসুফ, মেলায় চাকুরীপ্রাপ্ত প্রতিবন্ধীদের পক্ষে পল্লব সাহা ও আব্দুস সালাম বাবুল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী। চাকুরী মেলা আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল জার্নি মেকার ডট কম, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশন, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতাল ও আলীম ইন্ডাস্ট্রিজ লি.।

চাকুরীমেলায় বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিণনকারী প্রতিষ্ঠান, হোটেল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের ২০টি স্টল অংশগ্রহণ করে।

যার মধ্যে রয়েছে, ফুলকলি ফুড প্রোডাক্ট্স লি., আল-হারামাইন হসপিটাল প্রা. লি., হোটেল স্টার প্যাসিফিক, স্বাদ এন্ড কোং, আলীম ইন্ডাস্ট্রিজ লি., গোল্ডেন হার্ভেস ফুড লি., সানটেক টায়ার লি., রিফাত এন্ড কোং, দিবারাত্রি সিএনজি ফিলিং স্টেশন, মেঘনা অটো রাইছ মিল, লিটল বার্ড ক্যামব্রীজ স্কুল, জাফলং ভ্যালী বোর্ডিং স্কুল, আর.টি. বিজনেস সলিউশন, ফুড়ুৎ টেকনোলজি, জালালাবাদ মর্টস, লুব-রিফ বিডি লি., এলআইসি বাংলাদেশ লি., আকবর চৌধুরী এন্ড কোং, নির্ভানা ইন, ইউসেপ বাংলাদেশ, সিআরপি-সিলেট, সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতাল ও সিলকন এন্টারপ্রাইজ। মেলায় প্রায় চার শতাধিক প্রতিবন্ধী চাকুরীর জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ চাকুরী প্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

এছাড়া মেলায় অংশগ্রহণকারী চাকুরীদাতা প্রতিষ্ঠান সমূহকে সনদপত্র প্রদান করা হয়। চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ অনুষ্ঠানের প্রধান অতিথি ইমরান আহমদ এমপিকে নিয়ে মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহ পরিদর্শন করেন এবং তাদের সাথে কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রাক্তন পরিচালক রোটারিয়ান শফিক আহমদ বখত, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ্, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লাহ মোল্লা, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জি. ডি. রুমু, শাহজালাল রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউটের অধ্যক্ষ শামীমা নাসরিন, সিআরপি সিলেটের সেন্টার ম্যানেজার মো. কামরুল হাসান, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান খান শামছু, রোটারিয়ান আতাউর রহমান পীর, ডিজিই, রোটারিয়ান মোস্তফা কামাল, রোটারিয়ান মিজানুর রহমান, ডা. জুলফিকার আহমদ জামি, জার্নি মেকার জব্স ডট কমের সহকারী ম্যানেজার-বিজনেস ডেভেলপমেন্ট প্রতীম পুরকায়স্থ ও সিনিয়র এক্সিকিউটিভ-ব্রান্ড বিল্ডিং সুমিত কর্মকার প্রমুখ।

এ সময় বক্তারা আরো বলেন,প্রতিবন্ধীরা সুযোগ পেলে এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারলে একদিকে যেমন বেকারত্বের হার কমবে, তেমনি জিডিপি-তে তাদের অবদান বাড়বে। বক্তারা বলেন, প্রতিবন্ধীরা খুবই দায়িত্বশীল এবং নিষ্ঠাবান কর্মী হিসেবে কাজ করে থাকেন।

এছাড়া যেসব প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের চাকুরীর ব্যবস্থা করবে তাদেরকে সরকারের পক্ষ থেকেও কর রেয়াত সুবিধা প্রদান করা হয়। আমাদের দৃষ্টিভঙ্গি বদলালেই এই বিপুল সংখ্যক প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

Share





Related News

Comments are Closed