Main Menu

জকিগঞ্জে স্কুলছাত্রীর শ্লীলতাহানী, প্রতিবাদে সড়ক অবরোধ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রীকে রাস্তায় জড়িয়ে ধরে আপত্তিকর ছবি তোলা ও শ্লীলতাহানীর ঘটনায় মঙ্গলবার (১৪ আগস্ট) সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণীর এক ছাত্রী সোমবার স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে এক বখাটে যুবক তাকে জড়িয়ে ধরে আপত্তিকর ছবি তুলে।

এসময় অন্য ছাত্রীদের চিৎকারে স্কুলছাত্রসহ স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে দৌড়ে পালিয়ে যায়। অভিযুক্ত যুবক উপজেলার সীমেরবন্দ গ্রামের ময়নুল ইসলামের ছেলে আকছার আহমদ (২১)।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৪ আগস্ট) স্কুল শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টায়ার জ্বালিয়ে জকিগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বখাটেকে গ্রেপ্তার ও শাস্তির দাবী জানিয়ে শ্লোগান দেয়। অবরোধ চলাকালীন জকিগঞ্জ-সিলেট সড়কের দুপাশে প্রায় শতাধিক গাড়ী আটকা পড়ে।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সরেজমিনে গিয়ে শিক্ষার্থীদের অনুরোধ করলে বুধবারের মধ্যে বখাটেকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে।

জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, সোমবার স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে রাস্তার মধ্যে আছকার নামের বখাটে ছেলে একটি ছাত্রীকে জড়িয়ে ধরে আপত্তিকর ছবি তুলে। ঐ ছাত্রীর সাথে থাকা অন্য ছাত্রীদের চিৎকার শুনে এলাকার লোকজন বখাটের হাত থেকে ছাত্রীকে উদ্ধার করে স্কুলে নিয়ে আসেন। এ ব্যাপারে মঙ্গলবার স্কুলে বৈঠক ডাকা হয়। স্কুল ছাত্রী এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হালিম বাদী হয়ে সোমবার জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালিক মেম্বার ও নোমানুর রশিদ জানান, বখাটে আছকারকে গ্রেপ্তারের দাবীতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি শান্ত হবে।

এদিকে স্কুলের বিক্ষোব্দ শিক্ষার্থীরা জানিয়েছে, বুধবারের মধ্যে অভিযুক্ত আকছার আহমদকে গ্রেপ্তার করা না হলে উপজেলা জুড়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Share





Related News

Comments are Closed