বোমা মেশিন ও বালি আগ্রাসনের শিকার ২টি গ্রাম
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : বোমা মেশিন ও বালি আগ্রাসনে বিলীন হতে যাচ্ছে সুনামগঞ্জের সদরগড় ও ইব্রাহিমপুর গ্রাম। গত এক সপ্তাহ ধরে স্থানীয় ১০ জন বালিপাথর ব্যবসায়ী সদর উপজেলার সুরমা ইউনিয়নের পূর্ব সদরগড় ও ইব্রাহিমপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীর উত্তর পাড়ে অবৈধ ড্রেজার ও বোমা মেশিন বসিয়ে বালি পাথর উত্তোলন করছে। এসব বালি পাথর সরকারী খাস খতিয়ানের জায়গার উপর নদীর পাড়ে মজুত করে এ অচলাবস্থার সৃষ্টি করেছেন। বালির বিশাল স্তুপের মধ্যে ও পিছনে পড়ে এই দুই গ্রামের প্রায় ৩ শতাধিক জনবসতি, মসজিদ মন্দির ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে দাড়িয়েছে। ইতিমধ্যে বালির স্তুপে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সুরমা ইউনিয়ন পরিষদের ৫০ বছরের পূরনো ইউনিয়ন পরিষদ কার্যালয়। খেয়াঘাটের যাত্রী উঠানামা করার সিড়িটি পর্যন্ত বালির স্তুপে তলিয়ে গেছে। এছাড়া দিনরাত আগ্রাসী বোমা মেশিনের বিকট শব্দে এলাকার পরিবেশ দূষণ অব্যাহত রয়েছে। শান্তিতে লেখাপড়া করতে ও মসজিদে নামাজ পড়তে ব্যর্থ হচ্ছে ছাত্রছাত্রী ও মুসল্লিয়ানরা।
গতকাল ১২ আগস্ট রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার সুরমা ইউনিয়নের পূর্ব সদরগড় গ্রামের ফুল মিয়া, নুরুজ আলী, সন্তোষ দাস, হুরারকান্দা নয়াবাড়ির জসীম উদ্দিন, অক্ষয়নগর গ্রামের শাহ জহুরুল হক, ইব্রাহিমপুর গ্রামের আনোয়ার মিয়া তালুকদার, হাজী শাহিন মিয়া তালুকদার, ফিরোজ মিয়া তালুকদার, সুনামগঞ্জ পৌরসভার আরপিননগর আবাসিক এলাকার মুনাজ্জির হোসেন, জমিরুল ইসলাম ও বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মনিপুরীঘাটের আব্দুস ছাত্তার প্রমুখ ব্যবসায়ীরা বোমা মেশিনের সাহায্যে নদীর পাড়ে বালু মওজুত করছেন। কেন এবং কার হুকুমে তারা নদীর পাড় দখল করে বোমা মেশিন বসিয়ে নদীর তীর দখল ও এলাকার পরিবেশ দূষণ অব্যাহত রেখেছেন জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি।
স্থানীয় সদরগড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম, জাতীয় পার্টির নেতা ফারুক মিয়া, গ্রাম পুলিশ মিনা রানী দাস, আইনজীবি সহকারী মহেন্দ্র দাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জুল হোসেন ভান্ডারী, গীতিকার নির্মল কর জনি, বাবু যতীন্দ্র দাস, আবু বর্মণ, মোঃ সোনাহর আলী, বুরহান উদ্দিন, নজির মিয়া, শ্রমিক নেতা আলী হোসেন, আলী ফরিদ মিয়া, লিংকন দাস, মোঃ তছলিম হোসেন, মোঃ সোহাগ মিয়া, মামুন হোসেন, মরম আলী, সিরাজ মিয়া, গৃহবধূ মেহেরুন নেছা, সালেহা বেগম, তাহিবা বেগম, দিলারা বেগম, জরনেকা বেগম, রাজিয়া বেগম, সুরবালা মালাকার, বাসন্তি বর্মণ, সোমা রানী দাস, লক্ষীরানী মালাকার, গৌরীরানী মালাকার, কমলা মালাকার ও প্রিয়বালা কর বলেন, অবৈধ (ড্রেজার) বোমা মেশিন ও বালির স্তুপের বেআইনী মওজুদের আগ্রাসনে আমাদের বসত বাড়ি বিলীন হওয়ার উপক্রম হয়ে দাড়িয়েছে। শহরের ও গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার মতো রাস্তাঘাট পর্যন্ত দখল হয়ে যাওয়ায় আমাদের ছাত্রছাত্রী ও সন্তানরা ঘর হতে বের হতে পারছেনা। যারা জরুরী প্রয়োজনে বাহিরে যাচ্ছেন তারা বালির ময়লা আবর্জনা ও কাদায় কর্দমাক্ত হয়ে কোনরকমে ঘরে ফিরছেন। বোমা মেশিনের বিকট শব্দের কারণে আমাদের আরামের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা সকাল সন্ধ্যায় লেখাপড়া করতে পারছেনা। মসজিদের মুসল্লিরা নামাজ আদায়ে ব্যর্থ হচ্ছেন। দিবারাত্র ২৪ ঘন্টাই বোমা মেশিনের শব্দে পরিবেশ দুষিত হচ্ছে। গত ৭ দিনের এই অসহনীয় অমানবিক অবস্থায় আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। সবকিছুই করা হচ্ছে থানা পুলিশকে ম্যানেজ করে। আমরা ডিসি এসপি ওসি ইউএনও ও চেয়ারম্যান সাহেবকে জানানোর পরও কেউ কোন পদক্ষেপ গ্রহন করছেন না। আমরা ভূমিখেকো ও বালিদস্যুদের কবল থেকে অবিলম্বে নদীর তীর সংরক্ষণের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।
জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ ও সহকারী কমিশনার ভূমি বিশ্বজিৎ দেব বলেন, জেলা বা উপজেলা প্রশাসন কাউকেই নদীর পাড় ইজারা দেয়নি। এছাড়া বোমা মেশিন ব্যবহার সম্পূর্ণরুপে আইন বিরোধী। আমরা আগামীকালের মধ্যে অবৈধ বোমা মেশিন বন্ধের ব্যবস্থা গ্রহন করবো।
সুনামগঞ্জ সদর আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, নদীর তীর দখলে রেখে অবৈধ বোমা মেশিন দিয়ে বালি পাথর উত্তোলন করত: উত্তোলনকৃত বালিপাথর নদীর তীরে মওজুত করে একাধারে একাধিক অপরাধ সংগঠন করা হচ্ছে। আমি এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাকে অবিলম্বে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহনের মধ্যে দিয়ে হুমকির সম্মুখীন জনপদ রক্ষার ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনকে আহবান জানাচ্ছি।
সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী বোমা মেশিনের অবৈধ ব্যবহার রোধ ও নদীর পাড় সংরক্ষণে এগিয়ে আসার জন্য প্রশাসনের পাশাপাশি সাংবাদিক জনতা ও সিভিল সোসাইটির প্রতি আহবাণ জানান।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed