লালমনিরহাটে ট্রাকের চাপায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা রিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক ও মালিককে গ্রেপ্তার করেছে।
ওই ট্রাকচালকের লাইসেন্স ছিল না। লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন লালমনিরহাট সাব রেজিস্ট্রার অফিসের মোহরার পাটগ্রামের রসুলগঞ্জের মাস্টারপাড়ার আবদুর রশিদের ছেলে আবদুল মোতালেব (৪৫), একই অফিসের মোহরার পাটগ্রামের কুচলিবাড়ির লিয়াকত আলী প্রধানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও আদিতমারীর সারপুকুরের সরলখাঁ গ্রামের মোক্তার আলীর ছেলে রিকশাচালক আফজাল হোসেন (৫০)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বৃহস্পতিবার পাথরবোঝাই একটি ট্রাক পাটগ্রামের বুড়িমারী থেকে টাঙ্গাইল যাচ্ছিল। লালমনিরহাটে বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে এটি চাপা দেয়। এতে আরোহী দুজন ও রিকশাচালক নিহত হন। এরপর ট্রাকটি নিয়ে চালক সোহান আলী (২৪) দ্রুত পালিয়ে যাওয়ার সময় আরেকটি অটোরিকশাকে চাপা দিলে চারজন আহত হন। আহত ব্যক্তিদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় চালক সোহান আলী, চালকের সহকারী জসিম উদ্দিন ও মালিক হাসমত আলীর বিরুদ্ধে মামলা করেছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।
পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের আজাদ জুট মিলস্ এলাকার সড়ক থেকে ট্রাকসহ এর চালক সোহান আলীকে আটক করে পুলিশ। শুক্রবার সকালে টাঙ্গাইলের কালীহাতি থানা-পুলিশ ট্রাকের মালিক হাসমত আলীকে আটক করে লালমনিরহাট পুলিশে সোপর্দ করে।
লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ঘটনার পরপর পুলিশ তৎপর হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে ট্রাকচালক সোহান আলী ও মালিক হাসমত আলী গ্রেপ্তার হয়েছেন। ট্রাক ও চালকের লাইসেন্স বা বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed