নিজেকে বিজয়ী ঘোষণার আবেদন আরিফের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণার আবেদন জানিয়েছেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। বুধবার (৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার বরাবরে এ ব্যাপারে লিখিত আবেদন জানান তিনি।
সিসিক নির্বাচনে গত ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সংঘাত ও জাল ভোটের কারণে ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। স্থগিত দুই কেন্দ্রে আগামী ১১ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিজেকে বিজয়ী ঘোষণা করার দাবি জানিয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবরে দেয়া আবেদনপত্রে আরিফ বলেন, ‘আমি এই মর্মে অবগত করতেছি যে, সিলেট সিটি কর্পোরেশনের স্থগিত হওয়া গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩২২১ ভোটারের মধ্যে ইতোমধ্যে মারা গেছেন ৮০ জন ও বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন আরও ৮০ জন।
অন্যদিকে, হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৬৬ ভোটারের মধ্যে ইতোমধ্যে মারা গেছেন ৩৮ জন এবং বিদেশে আছেন ১০০ জন। এছাড়া এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন আরও ৩ জন।
স্থগিত হওয়া এই দুই কেন্দ্রের ৩০১ জন ভোটার মৃত এবং দেশের বাইরে রয়েছেন। উল্লেখিত ৩০১ জন ভোটার যেহেতু মৃত্যুবরণ এবং দেশের বাইরে অবস্থানে রয়েছেন, সেহেতু আসন্ন সিটি নির্বাচনে এই দুই কেন্দ্রের ভোট গ্রহণের কোনও প্রয়োজন নেই বলে আমি মনে করছি। অতএব, বিবেচনাপূর্বক আমাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করতে আপনার মর্জি হয়।’
এদিকে, সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানিয়েছেন, মৃত ও প্রবাসী ভোটার সম্পর্কিত কোনো তথ্য তাঁর কাছে নেই।
উল্লেখ্য, স্থগিত দুই কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রের সম্মিলিত ভোট গণনায় মেয়র পদে এগিয়ে আছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। ঘোষিত ফলাফল অনুযায়ী ১৩২ কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
মোট ১৩৪ কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলার জন্য দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ওই দুই কেন্দ্রের মোট ভোটার ৪৭৮৭ জন। ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে থাকা আরিফকে হারাতে হলে ওই দুই কেন্দ্রের সব ভোট কাস্ট হতে হবে এবং সব ভোটই পেতে হবে আরিফের নিকটতম প্রতিদ্বন্দী কামরানকে। বাস্তবতার বিচারে ওই দুই কেন্দ্রের ভোট তাই এখন আনুষ্ঠানিকতা মাত্র। এর মধ্যেই আরিফ তাঁর আবেদনে জানালেন স্থগিত দুই কেন্দ্রের সকল ভোট কাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed