হাসপাতাল থেকে ফের ডিবিতে শহিদুল
বৈশাখী নিউজ ডেস্ক: আদালতের নির্দেশের পর দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফটো সাংবাদিক শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হলেও তাকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে তাকে আবারো পুলিশের গোয়েন্দা শাখা ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহিদুলকে বিএসএমএমইউ-তে নেয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল মো. আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন, ‘আজ সকালে বিএসএমএমইউতে আনার পর শহিদুল আলমকে কেবিনে নেয়া হয় এবং তাৎক্ষণিক চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর তার কয়েকটি মেডিকেল টেস্ট করানো হয়।’
বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘সব টেস্টের রিপোর্ট হাতে এসেছে। মেডিকেল টিম রিপোর্ট পর্যবেক্ষণ করে জানিয়েছেন যে, শহিদুল আলম ভর্তিযোগ্য নন। পরে বোর্ড তাকে ডিসচার্জ করে দেয়।’
দুপুর সোয়া ২টার দিকে খ্যাতিমান ফটো সাংবাদিক শহিদুল আলমকে হাসপাতাল থেকে ফের ডিবির কার্যালয়ে নেয়া হয়।
প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উস্কানিমূলক মিথ্যা’ বক্তব্য প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় শহিদুল ডিবি হেফাজতে রিমান্ডে আছেন।
শহিদুল আলমকে আটকের পর নির্যাতন ও রিমান্ডে পাঠানোর বৈধতা নিয়ে এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশনা চেয়ে তার স্ত্রী রেহনুমা আহমেদ মঙ্গলবার রিট করেন। এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি (ডিবি) ও রমনা থানার ওসি কে বিবাদী করা হয়। শুনানি নিয়ে শহিদুলকে বিএসএমএমইউ-তে ভর্তির নির্দেশ দেন আদালত।
এরআগে গত রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে আটক করে ডিবি পুলিশ। নিরাপদ সড়কের দাবিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়ার পর পরই তাকে আটক করা হয়।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed