Main Menu

সিসিক নির্বাচনে সুষ্টু ভোট গ্রহনে মাঠে থাকবেন ১১ পর্যবেক্ষক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালট ছিনতাই, জাল ভোট ও অবৈধ প্রভাব বিস্তার টেকাতে ১১ নির্বাচন কর্মকর্তাকে পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে গঠন করা হয়েছে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল।
সিটি কর্পোরেশনের বাসিন্দা নন এমন ব্যক্তিদের শুক্রবার মধ্য রাতের মধ্যেই সিলেট নগরী ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন

নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ
অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং প্রতিটি ভোটকেন্দ্রের নির্বাচনের পরিস্থিতি নিবিড় ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণের জন্যে ১১ নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। গত বুধবার এই নিয়োগ চূড়ান্ত করা হয়। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ভোট গ্রহণের আগের দিন ও ভোট গ্রহণের দিন তাদের দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচনের পূর্ব রাতে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ অবস্থান করছেন কিনা তা পর্যবেক্ষণ করবেন। ব্যালট ছিনতাই, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ভোটারদের কেন্দ্রে প্রবেশের বাধা প্রদান, জাল ভোট, অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টাসহ কোন অনিয়ম বা ত্রুটি-বিচ্যুতি নজরে আসা মাত্রই রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন কমিশনারগণ ও প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করবেন। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ ২৮ জুলাই শনিবার রিটানিং কর্মকর্তার নিকট রিপোর্ট করবেন। ১১ কর্মকর্তার মধ্যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুককে প্রধান সমন্বয়কারী ও কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলমকে উপ-প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয়েছে। এই টিমের অন্য সদস্যরা হলেন, চট্টগ্রামের জেলা নির্বাচন অফিসার মোঃ মুনীর হোসাইন খান, মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ, নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, শেরপুর জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাহসিন, কুমিল্লা সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল হাসান, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা শারমিন সুলতানা, মুক্তাগাছা উপজেলা নির্বাচন অফিসার মোঃ তাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইকরামুল হাসান ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন অফিসার তানজিদা আফরিন ছন্দা।

আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটর্রিং সেল গঠন করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, বিজিবি, র‌্যাব, আনসার- ভিডিপি, আর্মড পুলিশের পদস্থ কর্মকর্তাগণ অন্তর্ভুক্ত হবেন। নির্বাচনের দিন ও প্রয়োজনে পরবর্তীতে আরো ২/১ দিন এই সেলের কার্যক্রম অব্যাহত থাকবে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবগত করা, ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করাসহ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্নের জন্যে সেলের সদস্যরা কাজ করবেন।

বহিরাগতদের নগর ছাড়ার নির্দেশ
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যারা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন তাদেরকে ২৭ জুলাই শুক্রবার রাত ১২টার পূর্বেই সিলেট নগরী ছেড়ে চলে যেতে হবে। এলক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে করতেই পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে অনিয়ম রোধের পাশাপাশি আইনশৃঙ্খলাও নিয়ন্ত্রণে রাখতে সহজ হবে। আইনশৃঙ্খলা রক্ষায় মনিটরিং সেলও গঠন করা হয়েছে। তিনি জানান, নগরীর বাসিন্দা বা ভোটার নন এমন ব্যক্তিদেরকে শুক্রবার রাতেই সিলেট ছেড়ে চলে যেতে হবে।

Share





Related News

Comments are Closed