Main Menu

গোবিন্দগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিতলা নামক স্থানে বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৪০জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা সোমা পরিবহণ নাটোর (ব-১১-০০১৫) নম্বরের একটি বাস রাজশাহী যাচ্ছিলো। এসময় বগুড়া থেকে আসা আগমনী এন্টারপ্রাইজ নাটোর (ব-০১) নম্বরের অপর একটি বাস রংপুরে যাচ্ছিলো। বাস দুটি কালিতলা এলাকায় পৌঁছিলে হঠাৎ করেই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আগমনী এন্টারপ্রাইজের চালকসহ ৪ জন নিহত হন। এতে দুই বাসে থাকা নারী-পুরুষসহ অন্তত ৪০ জন যাত্রী। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতদের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় আনে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চার-পাঁচ জনের অবস্থা আশষ্কাজনক।

নিহতরা হলেন- বগুড়া জেলা সদরের বিন্দাবন পাড়ার মৃত মহির উদ্দিনের ছেলে আগমনী পরিবহনের চালক জাহিদুল ইসলাম(৬০) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গাং জোয়ার পারার মোফাজ্জল হোসেনের ছেলে মাহফুজার রহমান (৪৫)সহ হাসপাতালে আরো দুইজন অজ্ঞাত ব্যক্তি মারা যান।

এদিকে, দুর্ঘটনার পর পরেই রংপুর-ঢাকা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। পরে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে দুপুর ১টার পর যানচলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল রাফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার তৎপরতা তদারকি করে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

Share





Related News

Comments are Closed