Main Menu

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল রবিবার (৮ জুলাই) প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ৫৫৫ জন প্রার্থী।

গত ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ ধাপে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে অংশ নেয় মোট ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষার্থী।

পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে এটি প্রদর্শন করা হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর পাওয়া যাবে।

উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন কোটায় অংশগ্রহণকারীদের সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি কমপক্ষে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ১৮ জুলাই ২০১৮ তারিখের মধ্যে নিজ নিজ জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

এ সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার সময় মূলকপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষা বোর্ডে প্রদর্শনের জন্য সকল মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথা সময়ে প্রার্থীকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হবে এবং প্রার্থীদের অনুকূলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কার্ড ইস্যু করা হবে।

Share





Related News

Comments are Closed