Main Menu

সুনামগঞ্জে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে দুই জনের মৃত্যু ও দুই শিশু আহত হয়েছে। রোববার (১ জুলাই) বিকাল ৫টায় দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের জোরা সিংরা হাওরে যাত্রীবাহী নৌকা ডুবে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের সাজিদুর রহমানের স্ত্রী হোসনে আরা বেগম (২৬) ও পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামের ফোরকান মিয়ার ছেলে এমদাদুল হক (৫৫)। এমাদুল হক নিহত হোসনে আরা বেগমের স্বামীর খালু।

শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের লোকজন নিহত দুইজনের লাশ ও চার শিশুসহ ১০ জনকে উদ্ধার করেন। দুর্ঘটনার শিকার ওই নৌকায় ১২ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে উকারগাঁও গ্রামের সাজিদুর রহমানের পরিবার ও আত্মীয় স্বজন পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের এক আত্মীয়ের ৪০ দিনের শিরনী খেতে গিয়েছিলেন। বিকালে বাড়ি ফেরার পথে মুক্তাখাই গ্রামের সামনে হাওরে ঝড়ো বাতাসে অতিরিক্ত যাত্রী বোঝাই ছোট নৌকাটি ডুবে যায়। দুই শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা যান মা হোসনে আরা বেগম ও বয়সে বৃদ্ধ হওয়ায় মারা যান এমদাদুল হক। খবর পেয়ে আশপাশের লোকজন নৌকা নিয়ে শিশুসহ ১০ জনকে উদ্ধার ও নিহত দুইজনের লাশ উদ্ধার করে।

আহত দুই শিশু হলো, রাফি মিয়া (৪) ও আবির মিয়া (২)। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা নিহত হোসনে আরা বেগমের ছেলে। নৌকায় থাকা আরেক শিশু নিহত হোসনে আরা বেগমের ভাশুর মোশাহিদুল হকের ছেলে আ. বাতিন (৪) আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed