Main Menu

সিসিক নির্বাচনে মেয়র পদে ১০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবং সাবেক মেয়র সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান এবং সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ এ পর্যন্ত ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান জানান, রোববার বিকেল পর্যন্ত মেয়র পদে ১০ জন, নগরীর ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি জানান, রোববার দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বদরউদ্দিন কামরানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ বকস।

সিপিবি বাসদ সমর্থিত প্রার্থী আবু জাফর এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনও রোববার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পরে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে দলের কয়েকজন নেতাকর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বিকালে নির্বাচন কার্যালয় থেকে আরিফুল হক চৌধুরীর পক্ষে মনোননয়নপত্র সংগ্রহ করেন জুরেজ আব্দুল্লাহ গুলজার।

গত ১৩ জুন থেকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। রোববারের আগে মনোনয়নপত্র সংগ্রহ করেন- মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর জামায়েতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, মুক্তাদির হোসেন, এহসানুল মাহবুব তাহের ও ডা. ময়োজ্জেম হোসেন।

গত শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সিলেট সিটিতে মেয়র পদে বদর উদ্দিন আহমদ কামরানকে মনোনয়ন প্রদান করা হয়।

এদিকে বিএনপি বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে মেয়রপদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ এখনো প্রার্থী চুড়ান্ত করার ঘোষণা দেয়নি।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

Share





Related News

Comments are Closed