Main Menu

সিদ্ধান্ত ছাড়াই বিএনপির মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার শেষ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কোনও সিদ্ধান্ত ছাড়াই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মেয়রপদে মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ জুন) বিকাল সাড়ে ৫ টার পর বিএনপির চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়ে রাত ৮ টার দিকে শেষ হয়। দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা তাদের সাক্ষাৎকার নেন।

বিএনপির মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টা মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বরিশালের সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘দলের মনোনয়ন বোর্ড আমাদের সাক্ষাৎকার নিয়েছেন। তবে দল কাকে মনোনয়ন দেবে, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও আমাদের জানানো হয়নি।’

এর আগে বুধবার (২০ জুন) তারা ১০ হাজার টাকা জমা দিয়ে ১৪জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এরপর বৃহস্পতিবার (২১ জুন) ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দেন তারা।

রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে শুধু বর্তমান মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশালের বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

Share





Related News

Comments are Closed