Main Menu

রাজনগরে ট্রাক চালকের লাশ উদ্ধার

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মটুকপুর গ্রাম থেকে আব্দুল আহাদ নামে এক ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রাজনগর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মটুকপুর গ্রামের ছনই মিয়ার ছেলে ট্রাক চালক আব্দুল আহাদ বুধবার দিনগত রাত ২টার দিকে তার মাকে জানিয়ে ঘরের বাইরে বের হন। এসময় তিনি মাকে ঘুমিয়ে যেতে বলেন। বৃহস্পতিবার ভোরে তার মা ফজরের নামায পড়তে ঘুম থেকে উঠে তাদের বসত ঘরের বারান্দায় গেলে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তার পরিবারের লোকজন এঘটনা স্থানীয় চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিককে জানালে তিনি রাজনগর থানার পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, নিহতের মা বলেছেন বারান্দায় লাশ পড়েছিল। তবে আমরা লাশ তার ঘরের মেঝেতে পেয়েছি। নিহতের বাবা রাজনগর থানায় অপমৃত্যুর মামলা করেছে। এটা হত্যা না আত্মহত্যা তা রিপোর্ট পেলে জানা যাবে।

Share





Related News

Comments are Closed