Main Menu

কুলাউড়ায় অপহরণের ৪ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করার অভিযোগ উঠেছে। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী বখাটেদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে, দ্রুত মেয়েটিকে উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন কুলাউড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মামলার এজাহার, পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনদের সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরশহরের একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী হিন্দু পরিবারের ওই মেয়েটিকে বেশ কিছু দিন ধরে রুবেল মিয়া (২৮) নামের প্রতিবেশী এক যুবক উত্ত্যক্ত করছিল। মেয়েটির স্বজনরা একাধিকবার রুবেলের পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করেও ফল পাননি। এ ঘটনায় গত ৩১ মে বৃহস্পতিবার মেয়ের ভাইয়ের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। পরে মেয়ের স্বজনরা স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের কাছে বিচার চান।

মেয়েটির পরিবারের অভিযোগ, গত ১ জুন শুক্রবার রাত আটটার দিকে রুবেল ও তার ভাই জুয়েলের নেতৃত্বে ৪/৫ জন যুবক দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসহ মেয়েটির ঘরে ঢুকে। এ সময় ঘরে বিদ্যুৎ ছিল না। ঘরে ছিল শুধু মেয়েটি ও তার মা। একপর্যায়ে ওই যুবকরা মেয়েটির মুখে কাপড় গুঁজে জোর করে টেনেহিঁচড়ে নিয়ে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে মেয়ের স্বজনরা বিষয়টি পুলিশকে জানান।

ওই রাতে মেয়েটির বাবা বাদী হয়ে রুবেল, তার ছোট ভাই জুয়েল মিয়া (২৫), তাদের মা রাবেয়া বেগম (৪২), বোন সীমা বেগম (২৬) ও একই এলাকার বাসিন্দা আছকর আলীকে (৩২) আসামি করে থানায় মামলা করেন।

মেয়েটির বাবা বলেন, তার ছেলের সঙ্গে রুবেলের ঝগড়ার বিষয়টি সুরাহার জন্য ওয়ার্ড কাউন্সিলর ১ জুন রাত ৯ টায় পৌরসভা কার্যালয়ে উভয় পক্ষকে হাজির থাকতে বলেন। এ কারণে ওই দিন রাতে পৌরসভা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তিনি। এই সময় তার মেয়েকে অপহরণ করা হয়।

কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ ঘোষ ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র বলেন, দ্রুত মেয়েটিকে উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।

ওসি আরও বলেন, রুবেল বখাটে প্রকৃতির। তার বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed