Main Menu

পুলিশের বিচার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জে হত দরিদ্র পরিবারের নিরীহ ব্যবসায়ী বাবুল বিশ্বাস (৩৫)কে গভীর রাতে নিজ বাড়ি থেকে ঘুম থেকে তুলে নিয়ে নির্যাতন ও মাদক মামলায় ফাঁসানো এবং কারাগারে মৃত্যুর ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার জয়কলস পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

একই দাবিতে বৃৃহস্পতিবার সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ এলাকাবাসী

এদিকে শুক্রবার মানববন্ধনে বক্তারা বাবুল বিশ্বাসকে গ্রেফতারের সাথে জড়িত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। কর্মসূচিতে উপজেলার আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহুর আলী, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা বিএনপি নেতা মহিম উদ্দিন, বাবুল বিশ্বাসের স্বজন অনিল বিশ্বাস, অধির বিশ্বাস, তার স্ত্রী দিপালী বিশ্বাস, অঞ্জলী বিশ্বাস ও ছেলে পুল্টন বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার জয়কলস গ্রামের দরিদ্র চা স্টল ব্যবসায়ী বাবুল বিশ্বাসকে গত ২৭ মে দিবাগত রাত ৩টার দিকে ঘুম থেকে তুলে নিয়ে যায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। কিন্তু অন্য এলাকায় ৪ লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় আসামী দেখিয়ে ওই ৪ লিটার চোলাই মদ জব্দ দেখিয়ে পরদিন ২৮ মে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। বাবুলকে রাতে গ্রেফতারের পর থানায় নির্যাতন করা হয়েছে। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দক্ষিণ সুনামগঞ্জ থানার দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান উপজেলাবাসী।

উল্লেখ্য, গত ২৭ মে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জিয়াউর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে জয়কলস গ্রামের নিরীহ চা স্টল ব্যবসায়ী বাবুল বিশ্বাসকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পর দিন ২৮ মে তাকে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গত ৩০ মে রাতে কারাগারে তার মৃত্যু হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দাবি, বাবুল বিশ্বাসকে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছিল।

Share





Related News

Comments are Closed