Main Menu

‘রিফাত’র কারখানায় ৮ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘রিফাত এন্ড কোং’-এর কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের আদালত। মাহে রমজানে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরতলীর কুমারগাঁওয়ে তাদের দুটি কারখানায় মঙ্গলবার বেলা আড়াইটা থেকে প্রায় দেড় ঘন্টার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কারখানায় খাবার অনুপযোগী তেল, ফ্রিজে পঁচা দুর্গন্ধযুক্ত মাংস, খাবার অনুপযোগী পোকায় ধরা ঘি, ডাল, পনির, পঁচা প্রোটিন ব্যবহারসহ অস্বাস্থ্যকর, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে ৮ লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় রিফাতের চেয়ারম্যান হাজী আফতাব মিয়া, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ, পরিচালক (প্রশাসন) মঞ্জুর রাশেদ ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আজাদকে দেড় লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআই আইনে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে ‘রিফাত এন্ড কোং’-কে ৭ মে ৫০ হাজার টাকা, ১৭ মে ১০ হাজার টাকা, ২২ মে ২০ হাজার টাকা ও ২৪ মে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

Share





Related News

Comments are Closed