Main Menu

শাবিতে আবাসিক হল বন্ধের প্রতিবাদে মানববন্ধন

শাবি প্রতিনিধি: গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল-ফিতরের ছুটি উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মনববন্ধন করেছে আবাসিক হলগুলোর সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন, ফজলে রাব্বি, সৌরভ সরকার, নাজিরুল আজিম, আমির হামজা, মঈন উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অনেক শিক্ষার্থী আছে যারা টিউশনি করে পড়ালেখা চালায়, হল বন্ধ হলে তারা টিউশনি চালিয়ে যেতে পারবে না। ফলে, তারা আর্থিক সংকটে পড়বে। ছুটির পর বিভিন্ন বিভাগে পরীক্ষা থাকার কারণে শিক্ষার্থীরা হলে থেকে পড়াশোনা করতে চায়। এছাড়া চাকুরির পড়াশোনার জন্যে অনেকে বাড়ি যেতে পারছে না।’

শিক্ষার্থীরা আরো বলেন, ‘মুসলমান ছাড়া অন্য ধর্মানুসারী শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা না করে দেয়া এবং তাদেরকে বাধ্যতামূলক হল থেকে বের করে দেয়া একটি অযৌক্তিক সিদ্ধান্ত।’ দ্রুত হল বন্ধের এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য হল প্রশাসনের প্রতি তারা দাবি জানান।

প্রসঙ্গত, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল-ফিতর ছুটি উপলক্ষে শাবিপ্রবি’র আবাসিক হলগুলো ১লা জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। হল প্রশাসনের পক্ষ থেকে ৩১ শে মে বিকাল ৩টার মধ্যে হল থেকে শিক্ষার্থীদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয় এবং ২১ জুন থেকে হলের কার্যক্রম যথারীতি চলবে বলে জানানো হয়।

হল বন্ধের এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য শিক্ষার্থীরা গত সপ্তাহে উপাচার্য ও হল প্রভোস্টগণের সাথে কথা বলেন। কিন্তু প্রশাসন তার সিদ্ধান্তে অটল থাকায় শিক্ষার্থীরা মঙ্গলবার মানববন্ধন করেছে।

Share





Related News

Comments are Closed