Main Menu

সিলেটে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দিনব্যাপী নানা আনন্দ আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সিলেটবাসী। দিনের প্রথম প্রহরে সূর্য ওঠার সাথে সাথে সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে ১৪২৫ সনের গণনা। সেই সাথে উৎসবের শুরু। শত শত মানুষ নতুন দেশীয় পোশাক পরে স্বজনদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে আসে। পুরনো যা কিছু ব্যর্থতা, গ্লানি; সব ঘুচায়ে নতুন দিনের খোঁজে সকল শ্রেণী-পেশার মানুষ উদযাপন করেছে দিনটি। ভোরের দিকে সিলেটে বৃষ্টি এসে বাগড়া দিলেও কিছু সময় পর তা থেমে যায়। বেলা ১১ টার দিকে আকাশ আবার মেঘাচ্ছন্ন হলেও ঝড় আসেনি। ফলে বেশ ভালভাবেই দিনটি উপভোগ করেছে সিলেটের মানুষ।

পহেলা বৈশাখ উপলক্ষে শনিবার দিনের শুরুতে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ছিল রংবেরঙের মুখোশ আর বাঙালি নানা ঐতিহ্যের স্মারক সংবলিত প্লে-কার্ড হাতে নিয়ে শোভাযাত্রায় যোগ দেন বিভিন্ন সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ও শিক্ষক-ছাত্রসহ সব শ্রেণি-পেশার মানুষ। অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বাংলার শ্বাশত মিলনোৎসবে শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে ‘বর্ষবরণ উৎসব ১৪২৫’ আয়োজন করে পহেলা রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান আনন্দলোক। ঢাকের বাদ্য দিয়ে মঙ্গল কামনায় শুরু হওয়া এই আয়োজনে আনন্দলোকের কর্ণধার রানা কুমার সিনহার সাথে শতাধিক শিক্ষার্থী পরিবেশন করে বর্ষবরণের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

আনন্দলোকের ‘বর্ষবরণ উৎসব ১৪২৫’ উদ্বোধন করেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুষমা দাশ। উৎসবে আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে অংশ নেন কলকাতা ভারতের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী পুবালী দেবনাথ ও বাচিক শিল্পী দেবেশ ঠাকুর। এছাড়াও অংশ নেন নৃত্যশৈলী, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সিলেট; গীতবিতান বাংলাদেশ, নজরুল সংগীত পরিষদ, সিলেট, দ্বৈতস্বর, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সিলেট; তারুণ্য, রূপসী বাংলা, সিলেট আর্ট এন্ড কালচার ইনস্টিটিউট, সুরাঞ্জলি, সংগীত মুকুল। বছরের প্রথম সুর্যোদয়ের সাথে শুরু হওয়া এ উৎসব চলে দুপুর দেড়টা পর্যন্ত।

পহেলা বৈশাখ মানেই সিলেটের সর্বোচ্চ বিদ্যাপিঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসে হাজারো আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী কিংবা সাংস্কৃতিক সংগঠক কেউই নেই উৎসবের বাইরে। সিলেটের সবচেয়ে বড় আয়োজন ছিল এই ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, ফুডকোর্ট কিংবা টং, শহীদ মিনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সেন্টার কিংবা গোলচত্বর- বৈশাখের উন্মাদনা ছিল সবখানে।

দিনটিকে ঘিরে নতুনরূপে সেজেছিল বিভিন্ন বিভাগ, জায়গায় জায়গায় বসানো হয়েছিল বৈশাখী স্টল। এ যেন এক প্রাণের মেলা, নিজেদের সংস্কৃতির শেকড়ে ফিরে যাওয়া। চায়ের কাপে কিংবা আড্ডায় শুধুই পহেলা বৈশাখ। বর্ষবরণের মূল অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয় উৎসবের। সকাল সাড়ে ৯ টায় শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় বরাবরের মতোই ছিল বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, সড়ক আল্পনা, পুতুলনাচ, বায়োস্কোপসহ অন্যান্য সামগ্রী।

বৈশাখী শোভাযাত্রা ছাড়াও চমক হিসেবে ছিল পুতুল নাচ এবং দিনব্যাপী বায়োস্কোপ প্রদর্শনী। এছাড়া দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউলগান, মোড়গ লড়াই, সাপখেলাসহ বিভিন্ন বিভাগের আলাদা আলাদাভাবে উদযাপিত হয় বর্ষবরণ।

প্রতি বছরের মত এবারও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতির সংগঠন শ্রুতি। শনিবার সকাল ৭ টায় নগরীর সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে শত কণ্ঠে বর্ষবরণের গানের মাধ্যমে তাদের বর্ষবরণের অনুষ্ঠানমালা শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাঙ্গলিক উদ্বোধন, গান, আবৃত্তি, নৃত্য, পিঠা উৎসবসহ বিভিন্ন আয়োজন। এছাড়া উদীচী, আনন্দলোকসহ ২৮টি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনাও রয়েছে তাদের অনুষ্ঠানে। বিকাল ৫টা পর্যন্ত চলে তাদের অনুষ্ঠানমালা।

নতুন বছরকে স্বাগত জানাতে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ছিল নানা আয়োজন। বেলা দেড়টা থেকে বিকেল ৫টার পর্যন্ত পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘বর্ষবরণ উৎসব ১৪২৫’ অনুষ্ঠিত হয়। শিল্পকলার আয়োজনে ছিল বৈশাখের গান, লোকসংগীত, কাঠি নৃত্য, ঝুমুর নৃত্য, লোকনৃত্য, সম্মিলিত সংগীত, বৃন্দ আবৃত্তি, ধামাইল, একক ও দলীয় সংগীত এবং বাউলগান।

পহেলা বৈশাখে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পাশাপাশি মঙ্গল শোভাযাত্রা বের করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এমসি কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো। নিজস্ব ক্যাম্পাসে ছাড়াও নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাগুলো।

Share





Related News

Comments are Closed