Main Menu

মহাকাশে হারিয়ে গেল ভারতের স্যাটেলাইট

তথ্য প্রযুক্তি ডেস্ক: ভারতের যোগাযোগের কাজের জন্য উৎক্ষেপণ করা জিস্যাট ৬এ স্যাটেলাইটের কোনো সন্ধান মিলছে না। গত বৃহস্পতিবার উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়। সোমবার (২ এপ্রিল) সেটি পৃথিবীর কক্ষপথে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর কথা থাকলেও এর ঠিক কয়েক ঘণ্টা আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানায়, বিষয়টি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নিশ্চিত করেছে। সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে তৈরি এই কমিউনিকেশন স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথের দু’টি স্তর সফল ভাবে পাড়ি দেয়। কিন্তু তৃতীয় কক্ষপথ অর্থাৎ যেখানে উপগ্রহটির থাকার কথা সেখানে পৌঁছনোর ঠিক আগ মুহুর্তে ইসরোর সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ৩০ মার্চ সকাল ৯টা ২২ মিনিটে উপগ্রহটির সঙ্গে শেষবার ইসরো’র গবেষকেরা যোগাযোগ করেছিলেন। কিন্তু তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।

ইসরোর তরফে জানানো হয়, উপগ্রহটির সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপণের চেষ্টা চলছে। কিন্তু কোনো প্রতুত্তর তারা পাচ্ছিলেন না। মূলত পাওয়ার সাপ্লাই অর্থাৎ জ্বালানী সমস্যার কারণে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে ধারণা করছেন ইসরোর বিজ্ঞানীরা।

জিস্যাট–৬এ স্যাটালাইটটি ১০ বছরের জন্য মহাকাশে পাঠিয়েছিল ভারত। টেলিযোগাযোগ সেবা আরও উন্নত করতে পাঠানো হয় স্যাটেলাইটটি। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি উপগ্রহটি নির্মাণে ব্যায় হয়েছে ২৭০ কোটি রুপি।

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এমন ব্যর্থতার স্বাদ পায়নি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও হাল ছাড়ছেন না সংস্থার গবেষকেরা। তারা জানিয়েছেন, ২ হাজার ৬৬ কেজি ওজনের স্যাটেলাইটটির সঙ্গে যোগাযোগের চেষ্টা এখনও চলছে।

Share





Related News

Comments are Closed