Main Menu

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেবে বিএনপি।

রোববার (১ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আমরা দলীয় ফোরামে আলোচনা করে আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেব। দলের জ্যেষ্ঠ নেতারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন আজকের বৈঠকে।”

এর আগে, রোববার সন্ধ্যা ৭টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাজাহান, বরকত উল্লাহ বুলু, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

Share





Related News

Comments are Closed