Main Menu

সিলেট-দুবাই রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু করলো জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৫৩ জন যাত্রী নিয়ে সোমবার রাত ৮টার দিকে ফ্লাইটটি (বিজি-২৪৭) আনুষ্ঠানিকভাবে দুবাইর উদ্দেশ্যে ছেড়ে যায়। এই প্রথমবারের মতো সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যদিও এর আগে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি ১৪০ জন যাত্রী নিয়ে ওসমানীর রানওয়ে স্পর্শ করেছিল ফ্লাই দুবাই’র একটি উড়োজাহাজ। এ সময় প্রথা অনুযায়ী বিমানটিকে পানি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ১৬৯ জন যাত্রী নিয়ে বিমানটি ফিরতি ফ্লাইট হিসাবে দুবাইর উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়।

এদিকে, বিমানের সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে সোমবার বিকাল ৫টায় ওসমানী বিমানবন্দরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বিমানের সিলেট অফিসের ভারপ্রাপ্ত জেলা ব্যবস্থাপক মো: আলী আকবর হাওলাদার, সিলেট এয়ারপোর্ট ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ, আটাব-এর প্রতিনিধি আব্দুল জব্বার জলিল ও জহিরুল কবির চৌধুরী শীরু প্রমুখ। দোয়া মাহফিল শেষে যাত্রীদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
বিমানের সিলেট অফিসের ইনচার্জ (রিজার্ভেশন এন্ড সেলস) শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে সপ্তাহের শুক্র ও সোমবার দুটি ফ্লাইট দুবাই’র উদ্দেশ্যে ছেড়ে যাবে। পর্যায়ক্রমে পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটের সংখ্যা আরো বাড়ানো হতে পারে।
বর্তমানে আন্তর্জাতিক বিমান অপারেটর ফ্লাই দুবাই সিলেট থেকে দুবাইয়ে সপ্তাহে ৫টি ফ্লাইট অপারেট করছে।

দুবাইয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এয়ারলাইন্স সংশ্লিষ্টরা। সিলেট চেম্বারের সভাপতি এবং এয়ারলাইন্স ক্লাবের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগ আরো আগে নেয়া উচিত ছিল। বিমানের কাছে আমাদের প্রত্যাশা-তারা যাত্রীদের যথাযথ সার্ভিস দেবেন এবং ফ্লাইটগুলো যথাসময়ে ছেড়ে যাবে। তবে, ফরেন ক্যারিয়ারের সাথে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। তিনি বলেন, দুবাই থেকে ইউরোপ-আমেরিকার অনেক প্রবাসী দেশে আসেন। বিমান এ সুযোগ কাজে লাগাতে পারে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ওসমানী বিমাবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। এ ঘোষণার পর এখান থেকে কয়েকটি সরাসরি ফ্লাইটও অপারেট হয়। কিন্তু, কুয়াশার অজুহাত দেখিয়ে ২০১৪ সালে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। এরপর থেকে ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। এরই মধ্যে ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন নির্মিত হয়েছে। রিফুয়েলিং স্টেশন নির্মিত হওয়ার পর এখান থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল শুরু হয়।

Share





Related News

Comments are Closed