কোটা বিরোধী ৮০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং গাড়ি ভাঙচুরের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ৭০০-৮০০ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক মির্জা মো. বদরুল হাসান বাদী হয়ে এই মামলাটি করেছেন।
আজ শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা (এসআই) সাহেব আলী।
তিনি জানান, পুলিশের ওপর আক্রমণ, পুলিশি কাজে বাধা এবং রাস্তায় দুই লাখ টাকার গাড়ি ভাঙচুরের অভিযোগে এই মামলা করা হয়েছে।
এরআগে গত বুধবার রাজধানীর হাইকোর্ট মোড়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এসময় কমপক্ষে ৫০ জন আন্দোলনকারী আটক করে পুলিশ।
পাঁচ দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ১৩ মার্চের মধ্যে দাবি আদায় না হলে ১৪ মার্চ সকালে সারা দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার এই কর্মসূচি পালন করেন তারা।
কোটা সংস্কারের পাঁচ দফা দাবি হলো— কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য থাকা পদগুলোয় মেধায় নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।
এদিকে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আগামী ১৮ মার্চ রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। কর্মসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে এ বিক্ষোভ পালিত হবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed