ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুই বছর পর চালু হয়েছে ঢাকা-লন্ডন রুটের সরাসরি কার্গো পরিবহন।
আজ বুধবার থেকে যুক্তরাজ্যের লন্ডনে কার্গো পরিবহন শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর দফতরে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা থেকে লন্ডনে সরাসরি কার্গো পরিবহন শুরু হবে। বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানের বিজি-০০১ কার্গো ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। যুক্তরাজ্যের কার্গো নিরাপত্তামান বিষয়ক এসিসি৩ অডিট সনদ অর্জন করায় কার্গো পরিবহনের পথ খুলেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে ২০১৬ সালের ৮ মার্চ ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। এ কারণে যুক্তরাজ্যে যাওয়ার আগে তৃতীয় কোনো একটি বিমানবন্দরে বাংলাদেশের কার্গো পরীক্ষা করে নেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেইক।
এদিকে, বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ১৩ থেকে ১৬ নভেম্বর রেগুলেটরি এজেন্ট ফর থার্ড কান্ট্রি অডিট সম্পন্ন হয়। বিমান কার্গো হ্যান্ডলিং এজেন্ট হিসেবে ওই অডিটে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি ইইউ এবং ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশন, ইউকে থেকে বাংলাদেশের ওপর থেকে কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
তবে বিমান কার্গো হ্যান্ডলিং এজেন্ট হিসেবে কার্গো নিষেধাজ্ঞা মুক্ত হলেও কার্গো ক্যারিয়ার হিসেবে বিমানকে আলাদাভাবে অপর আরেকটি অডিটের মুখোমুখি হতে হয়। উক্ত এসিসি৩ অডিট গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বিমান তাতেও উত্তীর্ণ হয়েছে।
এর ফলে ১২ মার্চ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডনগামী কার্গো পরিবহনে কোনো নিষেধাজ্ঞা রইল না। বুধবার সকাল থেকে লন্ডনে পুনরায় সরাসরি কার্গো পরিবহন শুরু হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed