Main Menu

মশার কয়েলের আগুনে পুড়ল গবাদিপশুসহ ২৭ বসতঘর

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে মশা তাড়ানোর কয়েলের আগুনে গবাদি পশুসহ ২৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার।
মঙ্গলবার (০৬ মার্চ) রাতে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রামাণিক পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কচুকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, রাতে ওই এলাকার বাবুল হোসেনের গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সুত্রপাত। বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা ফায়ার স্টেশনে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।
কিন্তু ততক্ষণে আগুনে ১২ পরিবারের ২৭টি বসতঘর ও ঘরে থাকা ধান, চাল, পাঠ, নগদ টাকা, আসবাবপত্রসহ বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও দুইটি গরু একটি ছাগল ও হাঁস-মুরগি পুড়ে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক সাংবাদিকদের বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Share





Related News

Comments are Closed