শাবিতে সন্ত্রাসী হামলায় ড. জাফর ইকবাল আহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় ড. মুহম্মদ জাফর ইকবাল আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাবির সহকারী প্রক্টর আবু হেনা পহিল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় কে বা কারা পেছন দিকে তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, প্রফেসর জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দুদিন ব্যাপী ফেস্টিভালের দ্বিতীয় দিনে রোবোফাইট প্রোগ্রামে বক্তৃতা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের পেছন থেকে ২৪-২৫ বছর বয়সী এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করে পালানোর সময় উপস্থিত ছাত্ররা যুবককে ধরে গণপিটুনি দেন। পরে হামলাকারী ওই যুবককে পুলিশে দেয়া হয়। ওই হামলাকারীকে গণপিটুনি দেয়ায় সে অজ্ঞান হয়ে পড়েছে বলে জানা গেছে। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে পাঁচ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল গত শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, ‘র্যাগিংয়ের দায়ে তাদের যে শাস্তি দেয়া হয়েছে তা আসলে খুবই কম। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া দরকার ছিল এবং রাষ্ট্রীয় আইনে তাদের বিচার করার দরকার ছিল। তাদের অপরাধ প্রমাণ হওয়ায় শাস্তি দেয়া হয়েছে। শাস্তি গ্রহণ করে ওদের ক্ষমা চাওয়া উচিৎ ছিল। কিন্তু সেটা না করে তারা আন্দোলন করা শুরু করেছে। বিশ্বদ্যিালয়ের বাকি ছাত্রদের কষ্ট দিচ্ছে। শুধু তাই নয়; তারা শিক্ষকদের সাথে বেয়াদবিও করেছে। এটা খুবই লজ্জার।’
তার এ বক্তব্যের পরদিনই শনিবার বিকেলে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হলো।
ড. জাফর ইকবাল বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন জাফর ইকবালের উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
এদিকে, শাবিতে ছুরিকাঘাতে আহত ড. জাফর ইকবাল ‘শঙ্কামুক্ত’ বলে জানিয়েছেন একজন চিকিৎসক। ওসামানী হাসপাতালের ওই চিকিৎসক শনিবার রাত পৌনে ৭টায় এমন তথ্য জানান। তিনি আরো জানান, জাফর ইকবালের মাথায় অস্ত্রোপচার প্রয়োজন কিনা, তা এখনও পুরো নিশ্চিত নয়।
এ ঘটনার প্রতিবাদে শাবি ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আব্দুল ওয়াহাব জানিয়েছেন, কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে- তারা তা খতিয়ে দেখছেন। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা গেলে এ ঘটনার রহস্য উদঘাটিত হবে।
এদিকে, সিলেটে সফররত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাত সোয়া ৮টায় ড. জাফর ইকবালকে দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন।
Related News
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More



Comments are Closed