Main Menu

লোভাছড়া কোয়ারীতে থামছে না মৃত্যুমিছিল

বিশেষ প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লোভাছড়া। দিনদিন তা খাবলে খাচ্ছে পাথরখেকোরা। ফলে এ এলাকার পাথর কোয়ারীগুলোতে থামছে না শ্রমিকদের মৃত্যুমিছিল। কিছুদিন পর পর ঘটছে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু। গত কয়েকদিন পূর্বে পাথর চাপায় দুই শিশু শ্রমিক মৃত্যুর কয়েকদিনের মাথায় গত শনিবার (২৪ ফেব্রয়ারী) লোভাছড়ায় মৃত্যু ঘটেছে আরেক শ্রমিকের । স্থানীয় সাউদগ্রামের আনোয়ার হোসেন আনইর অবৈধ গর্তে পাথরচাপায় তার মৃত্যু ঘটে। নিহত ফরমান উল্লাহ (৫০) সুনামগঞ্জ জেলার কাইলা গ্রামের মৃত আমিন উল্লাহর পুত্র । ঘটনার পর পরই গর্তের মালিক নিহতের পরিবারের সাথে সমঝোতা করে লাশ গুম করার চেষ্টা করেন। কিন্তু ঘটনা জানাজানি হয়ে গেলে লাশ গুম করা সম্ভব হয়নি। পুলিশ ফরমান উল্লাহর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। খবর পেয়ে কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে পুলিশকে নির্দেশ দেন।
অভিযোগ পাওয়া গেছে, প্রতিনিয়ত লোভাছড়া এলাকায় গভীর ও বিশাল গর্ত করে পাথর উত্তোলন করা হচ্ছে । পাথর খেকোরা একাধিক সমিতি করে শাসকদলীয় নেতা হোতা ও প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং স্থানীয় মিডিয়া কর্মীদের বখরা-মাসোহারা দিয়ে তাদের মুখ বন্দ করে রাখেন। আর এ কারনে বন্ধ হচ্ছে না প্রাকৃতিক শোভামন্ডিত লোভাছড়ায় অবৈধ পাথর উত্তোলন। গত এক বছরে লোভাছড়ায় পাথরের গর্ত ধ্বসে দুই শিশুসহ ৫ জনের প্রাণহানী ঘটে। প্রশাসনের অগোচরে আরো অনেক হতাহতের ঘটনা ঘটলেও তা রফাদফার মধ্যদিয়ে চাপা দেয়া হয়েছে।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানান, কোয়ারীতে গর্তের মাটি চাপা পড়ে পাথর শ্রমিক ফরমান উল্লাহর মৃত্যু ঘটেছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। লোভাছড়া সাউদগ্রাম এলাকায় লীজ বর্হিভূত পাথর উত্তোলন বন্ধ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কানাইঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নুনু মিয়া শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাদের গ্রেফতারে পুলিশের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed