Main Menu

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে তাকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে আটক করা হয়।

ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিএনপির এই নেতা। সেখান থেকে ফেরার পথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে সেগুনবাগিচা এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে বলে জানান নাজমুল।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোমবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে মৎস্যভবন এলাকা থেকে দুদুকে আটক করে নিয়ে যায় পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বিএনপি নেতা দুদুকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে ধরা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। ওই রায়ের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি।

Share





Related News

Comments are Closed