Main Menu

সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারতের পর সার্কিট হাউসে রাতের খাবার শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে, তিনি সিলেটে অবস্থানকালীন সময়ে কোন ব্রিফিং দেবেন না।
সোমবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। তিনি জানান, মাজার জিয়ারতের পর সার্কিট হাউসে রাতের খাবার শেষে দলের চেয়ারপার্সন ঢাকায় ফিরে যাবেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতে প্রায় সাড়ে ৪ বছর পর সোমবার সিলেট সফরে আসেন খালেদা জিয়া। সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন তিনি।
যাত্রাপথে কোথাও বিরতি নেয়নি চেয়ারপার্সনের গাড়িবহর। তবে, সিলেট পৌঁছে সার্কিট হাউসে বিশ্রাম শেষে বিকেল সাড়ে ৫টার দিকে হযরত শাহজালাল মাজার জিয়ারতে যান সাবেক প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টার দিকে তার গাড়ি বহর পৌঁছে দরগাহ চত্বরে। দরগাহের মহিলা ইবাদতখানায় খালেদা জিয়া ফাতেহা পাঠ করেন এবং সেখানে বিশেষ মোনাজাতে করেন সাবেক প্রধানমন্ত্রী।
শাহজালালের মাজার জিয়ারত শেষে তিনি ৭ কিলোমিটার দূরবর্তী শাহপরাণ মাজার জিয়ারতে যান। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খালেদা জিয়া শাহপরান মাজারে অবস্থান করছিলেন। এরপর তিনি আবার সার্কিট হাউজে যাবেন। সেখান থেকে রাতেই তিনি ঢাকায় রওয়ানা হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Share





Related News

Comments are Closed