Main Menu

সিলেটের উদ্দেশে খালেদা জিয়ার যাত্রা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিলেট আসছেন আজ সোমবার। সকাল ৯টা ১৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন খালেদা জিয়া। তার বহরে প্রায় ৩০টির বেশি গাড়ি রয়েছে। এগুলোর মধ্যে তার নিরাপত্তাকর্মী, অ্যাম্বুলেন্স ও নেতাকর্মীদের ব্যক্তিগত গাড়িও রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকতউল্যাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফাসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী তার সফরসঙ্গী হয়েছেন।

খালেদা জিয়া আজ বিকেলে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত শেষে সন্ধ্যায় (সোমবার) ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, চেয়ারপারসনের সিলেট আসা উপলক্ষে বিভাগের সবগুলো জেলা প্রস্তুত। ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে স্থানে স্থানে তাকে অভ্যর্থনা জানানো হবে।’
জানা গেছে, গুলশান, নয়াপল্টন, শ্যামপুর, যাত্রাবাড়ী, কাচপুর ব্রিজ, সোনারগাঁও, রুপগঞ্জ, পাঁচদোনা, নরসিংদী, বেলাব, ভৈরব, আশুগঞ্জ, বিশ্বরোড, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, শাহবাজপুর, মাধবপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শেরপুর, ওসমানী নগর হয়ে সিলেট পৌঁছাবে খালেদা জিয়ার গাড়ি বহর। প্রত্যেক স্থানে বক্তব্য না দিলেও হাত নেড়ে দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানাবেন তিনি। ধীর গতিতে চলবে তার গাড়িবহর।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানিয়েছেন, সোমবার বেলা ৩টায় চেয়ারপার্সনের গাড়ি বহর সিলেট পৌঁছাতে পারে। এরপর বেলা ৪টায় হযরত শাহজালাল(র.) এবং বেলা সাড়ে ৪টায় হযরত শাহপরান(র.) এর মাজার জিয়ারত করবেন তিনি। রাস্তার দুধারে দাঁড়িয়ে সিলেটে বিএনপি নেতা-কর্মীরা দলের চেয়ারপার্সনকে অভিবাদন জানাবে।

খালেদা জিয়া সর্বশেষ সিলেটে আসেন ২০১৩ সালের ৪ অক্টোবর। সে সময় আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন।

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় হবে। এই রায়ে দোষী সাব্যস্ত হলে আগামী নির্বাচনে অযোগ্য হবেন খালেদা জিয়া।

Share





Related News

Comments are Closed