জৈন্তাপুরের আ’লীগ নেতা লিয়াকত ২দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও আদালত হত্যা মামলার কারাগারে থাকা লিয়াকতের অন্যতম সহযোগী জৈন্তাপুরের আদর্শ গ্রামের শামীম আহমদকে সাংবাদিকদের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখান।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী জানান-আদালত এলাকায় সাংবাদিকদের ওপর হামলার মামলায় লিয়াকত আলীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি এ মামলায় শামীম আহমদকে গ্রেফতার দেখানো হয়েছে।
তারা দুজনই জৈন্তাপুরের একটি হত্যা মামলায় কারাগারে আছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় জৈন্তাপুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত বুধবার তদন্ত কর্মকর্তা আদালতে ৩দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরে আদালত শুনানী শেষে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়- গত বছরের ৩ ডিসেম্বর সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারী দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং সিনিয়র সহ সভাপতি কামাল আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামালের পক্ষের হোসেন আহমদ নামের এক যুবক নিহত হয়।
এ ঘটনায় ৬ ডিসেম্বর নিহতের ভাই আমিন আহমদ লিয়াকত আলীসহ ৭৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে সিলেটের জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেন। এরপর ৩৪জন আসামী উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নেন। ওই মামলায় লিয়াকত আলীসহ ৩১জন বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক আতিকুল হায়দারের আদালতে হাজিরা দিতে আসেন। শুনানী শেষে আদালত ৩১ জনের মধ্যে ফয়েজ আহমদ বাবর নামের এক আসামী জামিন মঞ্জুর করলেও ৩০জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে আদালত এলাকায় লিয়াকত ও তার সহযোগীদের হামলায় যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান ও যমুনা টেলিভিশনের সিলেট অফিসের ক্যামেরা পার্সন নিরানন্দ পাল গুরুতর আহত হন। এ ঘটনায় নিরানন্দ পাল বাদি হয়ে গত শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে দ্রুত বিচার আইনে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার নামীয় আসামিরা হচ্ছে- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিফৌদ গ্রামের ওয়াজেদ আলীর পুত্র লিয়াকত আলী, নয়াখেল গ্রামের ফয়েজ আহমদ বাবর ও নজরুল, আদর্শ গ্রামের শামীম আহমদ, হরিপুরের জুয়েল আরমান ও খারু বিলের হোসেইন আহমদ ছাড়াও অজ্ঞাত আরও ১৫-১৬ জন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed