Main Menu

বাজারের নাম পরিবর্তনে লাল-নীল কাপড়ের মেলা

সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) থেকে: লাল-নীল বিভিন্ন রংয়ের কাপড় উড়ছে। অলিগলিতে লাগানো ব্যানার-সাইনবোর্ড। এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন। তবে এ আয়োজন কোন অনুষ্ঠানের জন্য নয়। এর কারণ একটাই-বাজারের নাম পরিবর্তন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের একটি বাজারের এ চিত্র।
জানা গেছে, প্রায় ৫০ বছর আগে ওই ইউনিয়নের চরলক্ষী এলাকার একটি বাজারকে ‘চরমোন্ডল বাজার’ হিসেবে নামকরণ করা হয়। তখন সেখানকার ‘মোন্ডল’ বাড়ির নাম অনুসারে বাজারটির নামকরণ করা হয়েছিল। তবে এখন আর সেই বাড়ির অস্তিত্ব নেই। কিন্তু কয়েক মাস আগ থেকেই স্থানীয়দের মধ্যে এ নামটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নামটি পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়।
বাজারের ব্যবসায়ীরা জানান, গত ৫ জানুয়ারি স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের উদ্যোগে চরমোন্ডল বাজারের নাম পরিবর্তন করে ‘মুসলিম বাজার’ নামকরণ করা হয়। নতুন নামটি প্রচারের জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়।
গত রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ নতুন নামটি প্রচারের জন্য বাজারের আশপাশে স্থানীয়দের উদ্যোগে লাল, নীল, হলুদসহ বিভিন্ন রংয়ের কাপড় উড়ানো হয়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যানার-সাইনবোর্ড লাগানো হয়েছে।
ওই বাজারের মৎস্য ব্যবসায়ী নূর উদ্দিন হাওলাদার বলেন, ‘হিন্দুদের মন্ডল বাড়ির নামে এ বাজারের নামকরণ করা হয়েছিল। মূলত এই বাজারে বর্তমানে কোন হিন্দু ব্যবসায়ী নেই। এখানকার সব ব্যবসায়ী মুসলিম। তাই স্থানীয় সকল ব্যবসায়ীদের উদ্যোগে এটির নাম পরিবর্তন করে মুসলিম বাজার করা হয়েছে।’
চরলক্ষী ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম প্যাদা বলেন, ‘এখানে সব মুসলিম, হিন্দু নেই। তাই নাম পরিবর্তন করে মুসলিম বাজার করা হয়েছে।
জানতে চাইলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ মিয়া বলেন, ‘ওই বাজারের নাম পরিবর্তনের গুঞ্জন শুনেছি। আমি খোঁজ নিয়ে দেখব।’

Share





Related News

Comments are Closed