Main Menu

স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা চেষ্টা

বৈশাখী নিউজ ডেস্ক: পরকীয়ায় আসক্ত স্ত্রীকে শ্বশুরালয় থেকে বাড়িতে ফেরাতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী আফজাল হাওলাদার (৩০)। রাজধানীর ভাটারা থানার সাঈদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে পরকীয়ায় আসক্ত স্ত্রী কারিশমাকে আনতে শ্বশুরালয়ে যান আফজাল। কিন্তু সে ফিরতে অস্বীকৃতি জানালে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পরে প্রতিবেশী সিরাজ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আফজাল হাওলাদারের শরীর আগুনে ২৫ ভাগ ঝলসে গেছে।

ঘটনার বর্ণনা দিয়ে আহত আফজাল জানান, কারিশমার সাথে ২০০৫ সালে দু’জনের পছন্দে পারিবারিকভাবেই বিয়ে হয়। আফজাল পেশায় ইলেকট্রিক মিস্ত্রী। তাদের সংসারে ইয়াসিন ও ইসমাইল নামে ২ ছেলে সন্তান রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের বিয়ের ১২ বছর পর স্ত্রী কারিশমা ইমরান নামে এক ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।’

পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়ার বিষয়টি লোকলজ্জার ভয়ে স্বামী আফজাল কারও কাছে জানাননি। ২০১৭ সালে বিষয়টি প্রকাশ্যে চলে আসায় আফজাল স্ত্রীকে শাসন করলে স্ত্রী রাগ করে বাবার বাসায় চলে যান।

দীর্ঘদিন ধরে স্ত্রী রাগ করে আর বাসায় ফেরেননি। স্ত্রী ফেরত আসতে দেরি হওয়ায় মঙ্গলবার দুপুরে কেরোসিন নিয়ে একই এলাকার শ্বশুরালয়ে হাজির হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আফজাল।

ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত আফজালের শরীরের ২৫ ভাগ ঝলসে গিয়েছে। তার চিকিৎসা চলছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বিষয়টি ভাটারা থানার পুলিশকে জানানো হয়েছে। আহত আফজাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

Share





Related News

Comments are Closed