Main Menu

আবারো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো পিছিয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৫৩ বারের মতো পেছাল।

এর আগে গত ৮ অক্টোবর এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ১৪ নভেম্বর দিন ধার্য করে আদালত। এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাবের প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা আদালতে প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ দিন ধার্য করেছিলেন।

আজ মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন।

উল্লেখ্য ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

এ ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি শেরেবাংলা নগর থানার মাধ্যমে তদন্ত শুরু হয়। চার দিন পর চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে এর তদন্তভার ঢাকা মহানগর ডিবি পুলিশকে দেওয়া হয়। দুই মাসের বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে ২০১৪ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের ওপর ন্যস্ত করা হয়।

মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। মামলার অপর আসামিরা হলেন-বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের মধ্যে কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।

চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়।

পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed