Main Menu

রসিকের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না: অর্থমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে (রসিক) আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার দুপুরে সিলেটে দুই দিনব্যাপী বীমা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান নির্বাচন পদ্ধতির নিরপেক্ষতা আছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সেটা প্রতিষ্ঠা পেয়েছে।’

তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের দেশে বিভিন্ন দলের প্রার্থী পাস করবে, এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য।’

রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী নতুন মেয়রের পাশাপাশি আমাদের নির্বাচনী সিস্টেমকেও অভিনন্দন জানান।

এর আগে সিলেট নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রাজধানী ঢাকার পর সিলেটে এটি হচ্ছে দ্বিতীয় বীমা মেলা। বীমা সম্পর্কে সাধারণ মানুষের ভীতি ও ভুল বোঝাবুঝি দূর করতে ও জনসচেতনতা বাড়াতেই এ মেলার উদ্যোগ।

মেলা উপলক্ষ্যে সকালে সিলেট নগরীর কোর্টপয়েন্ট থেকে এক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

এবারের মেলায় দুটি সরকারি বীমা কোম্পানির পাশাপাশি মোট ৩০টি লাইফ, নন লাইফ বীমা কোম্পানি অংশগ্রহণ করছে।

Share





Related News

Comments are Closed