Main Menu

জয়পুরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০

মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনকে জয়পুরহাট ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে করিমপুর গ্রামে নবান্ন উৎসব মেলায় এ ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মেলা চলাকালে বিকাল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী হাজিপুর গ্রামের বেলুন ব্যবসায়ী দুলু মিয়া বেলুনে গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে দুলুসহ অন্তত ১০ জন দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর চার জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বেলুন ব্যবসায়ী কালাইয়ের হাজিপুর গ্রামের দুলু মিয়া (৫৮), বালাইট গ্রামের সাকা মিয়া (৩২), আঁওড়া গ্রামের স্বাধীন হোসেন (১৪) এবং করিমপুর গ্রামের রবিউল হোসেন ও একই গ্রামের সিদ্দিকুলের ছয় বছরের শিশু তফিকুল ইসলাম।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর গুরুতর পাঁচ জনকে বগুড়া ও জয়পুরহাট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed