Main Menu

জয়পুরহাটে মুক্তিযোদ্ধা তালিকায় নেই গেরিলা সদস্যের নাম

মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই পৌর সদরের থুপসাড়া মহল্লার বাসিন্দা মুক্তিযুদ্ধের গেরিলা সদস্য আফতাব উদ্দিনের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। আফতাব উদ্দিন (৬৭) ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় গেরিলা বাহিনীর একজন সদস্য ছিলেন। তিনি ডায়াবেটিস এবং হার্টের সমস্যাসহ বিভন্ন রোগে আক্রান্ত। কালাই থানার পূর্ব পাশে চা ও পানের দোকান দিয়ে সারাদিনে যা বেচা বিক্রি হয় সেই টাকা পয়সা দিয়ে অতিকষ্টে স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে সংসার
চালিয়ে যাচ্ছেন। তিনি জানান স্বাধীনতা যুদ্ধের ৪৬ বছর পর একটি কুচক্রের মনোভাবের শিকার হওয়ায় মুক্তিযোদ্ধার খাতায় আমার নাম লেখাতে পারিনি। আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার সুপারিশ করেছেন। এছাড়াও মুক্তিযোদ্ধা সংগঠক অধ্যাপক মোজাফ্ফর আহম্মদ কর্তৃক স্বাক্ষরিত ২০০৫ সালে ২৪শে ডিসেম্বর প্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে সনদপত্র লাভ করি। ১৯৭১ সালে ভারতের কোচ বিহারের দাড়াডোমা এলাকায় প্রশিক্ষণ গ্রহণ শেষে আক্কেলপুর, গোপিনাথপুর, ক্ষেতলাল ও কালাইয়ের বিভিন্ন এলাকায় আবুল কালাম আজাদ, আজাহার আলী মন্ডল, আব্দুল অহেদ ও মনিশ চৌধুরীসহ আরো অনেকের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তিনি আরো জানান, আমার সব প্রমাণাদি থাকা সত্ত্বেও চলতি বছরের ২রা মে মুক্তিযুদ্ধ যাচাই বাছাই কমিটি দ্বিধাদ্বন্দ্ব ক্যাটাগরিতে ফেলে রেখেছে। সে কারণে ৬ জুলাই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই নির্দেশিকা ২০১৬ এর বিধান মতে আপিল করি, যার নম্বর ১৩৬৭৫। তৎকালীন ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর যুদ্ধ চলাকালীন কমান্ডার আব্দুর রহিম তালুকদার আমাকে পরিচয়পত্র প্রদান করেন। আফতাব উদ্দিন বলেন, নানা অসুখে অশান্তিতে দিনযাপন করলেও স্থানীয় পৌর মেয়র, জেলা পরিষদ এবং মাননীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কাছ থেকে আজ পর্যন্ত কোন কিছুই পাইনি। মুক্তিযুদ্ধে জয়লাভ করলেও জীবন যুদ্ধে হেরে যাচ্ছি। এমন পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট বিত্তবানরা এগিয়ে আসবেন এটাই আমার প্রত্যাশা।

Share





Related News

Comments are Closed