Main Menu

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতস্বরূপ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ এ মহামানব। আইয়ামে জাহেলিয়াতের সে যুগে মানুষকে আলোর পথ দেখিয়ে ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। রাসুল (সা.) এর জন্ম ও মৃত্যুর এ দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানরা বিশেষ গুরুত্বের সঙ্গে এ দিনটি উদযাপন করে। বরাবরের মতো এবারও সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, মিলাদ, জশনে জুলুস, আলোচনা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে।
আজ সরকারি ছুটির দিন। দৈনিক পত্রিকা অফিসগুলোও আজ বন্ধ থাকবে, তাই রোববার কোনো পত্রিকা প্রকাশিত হবে না। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীসহ সারা দেশের বড় বড় মসজিদে আয়োজন করা হয়েছে বিশেষ ইবাদত-বন্দেগি ও আলোচনা অনুষ্ঠান। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হবে। রাজধানীতে বের হবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জশনে জুলুস।
এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতারা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাণী দিয়েছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন শুক্রবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে বায়তুল মোকাররমের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় ২ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বাদ আসর মহানবী (সা.) জীবন ও কর্মের ওপর সেমিনার, ১ থেকে ১৫ ডিসেম্বর প্রতিদিন বাদ জোহর থেকে রাত ৭টা ৩০ পর্যন্ত বায়তুল মোকাররমের উত্তর সাহানে ইসলামী ক্যালিগ্রাফি, মহানবীর (সা.) জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী, মসজিদের দক্ষিণ চত্বরে ১ ডিসেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মাসব্যাপী ইসলামী বইমেলা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমানের মাদরাসার ছাত্রছাত্রী এবং অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) স্মরণিকা প্রকাশ, মসজিদের পূর্ব সাহানে ৮ ও ৯ ডিসেম্বর বাদ মাগরিব থেকে যথাক্রমে হামদ-নাত ও কিরআত মাহফিল এবং ১২ ডিসেম্বর বাদ আসর বায়তুল মোকাররমের পূর্ব সাহানে রাসূল (সা.) এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। দেশের নবীন ও প্রবীণ কবিরা এতে অংশ নেবেন।

Share





Related News

Comments are Closed