Main Menu

বিজয়ের মাস ডিসেম্বর শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সময়ের পথ পরিক্রমায় আজ শুক্রবার থেকে শুরু হলো বিজয়ের মাস, গৌরবের মাস-ডিসেম্বরের পথচলা। দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। পাকিস্তানি শাসন থেকে মুক্ত হওয়া এই মহান বিজয়ের মাস একদিকে যেমন পরম আনন্দের, একই সঙ্গে স্বজন হারানোর শোকার্ত মাসও। এবারের ডিসেম্বরের মাস উদযাপনের মধ্য দিয়ে বিজয়ের ৪৬ বছর পূর্ণ হবে। এ মাসেই জাতির বহু ত্যাগের ফসল হাজার বছরের স্বপ্ন পূরণ হয়। তাছাড়া, ডিসেম্বর মাসেই চূড়ান্ত বিজয়ের দুই দিন আগে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি ও তাদের দোসর রাজাকার আলবদরদের হাতে শহীদ হন দেশের বুদ্ধিজীবীরা। বিজয়ের আনন্দের পাশাপাশি সেইসব শহীদ বুদ্ধিজীবীদের প্রতি এ মাসেই কৃতজ্ঞ জাতি গভীর শ্রদ্ধা জানাবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা, গেরিলা আর ভারতীয় মিত্র বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সাঁড়াশি আক্রমণের মুখে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং এর মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আর জাতি অর্জন করে হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা। এর আগে বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রনাধিকার অর্জনের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সোপান বেয়ে ঐতিহাসিক ৭ মার্চ রেসকোর্স (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-এ ঘোষণার পরপরই গোটা জাতি মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে। ’৭১ -এর ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার (জল্লাদ) বাহিনী নিরস্ত্র বাঙালির উপর অতর্কিতে সশস্ত্র হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭১’ এর ২৫ মার্চ রাতে পাকবাহিনীর হাতে গ্রেফতার হবার আগে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন এবং তার ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র যুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
এদিকে, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হয়। এর আগে একই বছরের ১০ মে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়। ২০১৫ সালের ২২ নভেম্বর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মোজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী’র) ফাঁসি কার্যকর হয়। ২০১৪ সালের ১১ এপ্রিল জামায়াতের সহকারী সেক্রেটারী ও আল বদর কমান্ডার মুহাম্মদ কামারুজ্জামানের এবং ২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। তাদের ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতি কিছুটা হলেও কলংকমুক্ত হয়েছে। মহান এ বিজয়ের মাস উদযাপনে সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক কর্মসূচি পালিত হবে। জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেট সাহিত্য পরিষদ : বিজয়ের মাস উপলক্ষে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে বিজয়ের লেখা পাঠের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর ধোপাদিঘীর পাড়স্থ মা কমিউনিটি সেন্টারে এই লেখাপাঠের আসর বসবে। এতে কবি সাহিত্যিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পরিষদের সভাপতি কবি পুলিন রায় ও সাধারণ সম্পাদক কবি জাফর ওবায়েদ।
মুক্তিযুদ্ধ অনুশীলন: প্রতিবছরের মতো এবারো মহান বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করতে মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা। কর্মসূচিকে সফল করতে মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি আল-আজাদ ও সম্পাদক সুরঞ্জিত বর্মণ সবাইকে অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed