Main Menu

নীলফামারীতে পৃথক দূর্ঘটনায় নিহত ২

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের বাইপাস সড়কে বাসচাপায় এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। তার নাম পাক্কু (৪৫)। তিনি উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের পৌরসভার নির্ধারিত সবজি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাক্কু দিনমজুরের কাজ করতেন। তিনি চিরিরবন্দরের রাবেয়ার মোড় এলাকায় ধান কাটা শেষে মজুরি নিয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। ঘাতক বাসটি পালিয়ে গেছে বলে জানান তিনি।

এদিকে, একইদিন সকালে নীলফামারীর ডিমলায় ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় তামান্না আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তামান্না ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট হাজীপাড়া গ্রামের সোলায়মান ইসলামের মেয়ে।
সকাল সাড়ে ৯টায় ডোমার-ডিমলা সড়কের ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমে জানান, সকালে বাসা থেকে বের হয়ে বাড়ির সাথে লাগোয়া রাস্তা পার হচ্ছিলো তামান্না। এসময় ডোমার থেকে আসা একটি অটোরিক্সা সামনে থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, অটোরিক্সা ও এর চালক ডোমারের মেলাপাঙ্গা গ্রামের মোকছেদ আলীর ছেলে শাহীনুরকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed