মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহবান প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক : মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে সবার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর ৭ মার্চের ভাষণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই ভাষণ বাজালে মাইক কেড়ে নেওয়া হতো। কিন্তু ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না। আজ বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ওই সময় যারা এই ভাষণটি মুছে ফেলতে চেয়েছিল, আজ তারা কোথায় মুখ লুকাবে? সত্য যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারা কোথায় মুখ লুকাবে?’
বঙ্গবন্ধুর ত্যাগের কথা বর্ণনা করে আবেগাপ্লুত শেখ হাসিনা বলেন, ‘যখনই এই ভাষণের কথা মনে পড়ে, তখনই মায়ের কথা মনে পড়ে। বাবা যেদিন ভাষণ দেবেন সেদিন মা বলেছিল তোমার যা মনে আসে তাই বলবে। কারণ তুমি জানো বাঙ্গালীর নির্যাতনের কথা। বাবার জীবনের অর্ধেক সময় কেটেছে কারাগারে। পিতা হিসেবে বাবাকে আমরা কতটা পেয়েছি? তার সাথে দেখা করতে হতো জেল গেটে গিয়ে। বাবার মাত্র ৫৪ বছর বয়সে আমরা তাকে হারিয়েছি।’
বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘ভাষণ শুরু করার সময় বাবা বলেছেন- ভাইয়েরা আমার। জাতির পিতার সাথে বাংলার মানুষের আত্মার সম্পর্ক ফুটে ওঠেছে ওই ভাষণে। সমস্ত দিক নির্দেশনা তিনি ওই ভাষণে দিয়েছেন। এতো দিক নির্দেশনা পৃথিবীর কোনও ভাষণে আছে বলে আমার মনে হয় না। ৭ মার্চের ভাষণে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির কথা বলে গিয়েছেন। তিনি আমাদের রাজনৈতিক মুক্তি দিয়ে গেছেন।’
বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘২১ বছর পর ক্ষমতায় এসে আমরা অনেক উন্নয়ন করেছি দেশের। এখন আর আমাদের কারো কাছে হাত পাততে হয় না। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আমরা এগিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হবো ইনশাল্লাহ।’
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ২৫ নভেম্বর এই স্বীকৃতি উদযাপনের কর্মসূচি হাতে নেয়া হয়। জাতির পিতার ৭ মার্চের ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পর্কে দেশের জনগণ বিশেষ করে শিক্ষার্থী ও ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করতে এই কর্মসূচি নেয়া হয়েছে।
শনিবার বেলা ১২টায় রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে ৭ মার্চের ভাষণের স্বীকৃতির উদযাপন শুরু হয়।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed