Main Menu

এসকে সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে। শনিবার রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে এসকে সিনহা রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দেন বলে জানা যায়। তবে, শনিবার দুপুরে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে জানান।

প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকারের সঙ্গে প্রধান বিচারপতির টানাপোড়েন সৃষ্টি হয়। মূলত অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ নিয়েই এই দ্বন্দ্ব।

সর্বশেষ সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিলের রায়ের পর সরকারের সঙ্গে এসকে সিনহার সম্পর্ক আরো অবনতি হয়।

এই রায়ের পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন মহলে সৃষ্টি হয় তুমুল বিতর্ক।

এরই এক পর্যায়ে ১ অক্টোবর এক মাসের ছুটি জানিয়ে রাষ্ট্রপতি বরাবর এক আবেদন পাঠান প্রধান বিচারপতি। অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়ে প্রধান বিচারপতি ওই আবেদন পাঠান।

তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অভিযোগ, বিচারপতিদের অভিশংসন সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করায় প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়।

এদিকে প্রধান বিচারপতি এস কে সিনহা এক মাসের ছুটিতে গেলে গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টায় বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

এরপর ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি সিনহা। ওই দিন মিডিয়ার সামনে তিনি বলেন, ‘আমি অসুস্থ না। আমি পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত। আমি বিচার বিভাগের অভিভাবক। বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগটা যাতে কলুষিত না হয়, এ কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি।’

অস্ট্রেলিয়ায় তার বড় মেয়ে সূচনা সিনহার বাসায় বেশ কিছুদিন অবস্থান করেন এসকে সিনহা। এরপর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটে যান। সেখানে ৪ দিন চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা ছিল।

সূত্র জানায়, সিনহা শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের চেঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না-সাউথার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওনা দেন। কানাডায় তার ছোট মেয়ে বসবাস করছেন।

এর আগে শুক্রবার রাতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির মেয়াদ না বাড়ানোর ফলে শনিবার (আজ) থেকে তিনি অনুপস্থিত হিসেবে গণ্য হবেন। এক্ষেত্রে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী যিনি কর্মে প্রবীণ তিনিই অনুরূপ কার্যভার পালন করবেন।

Share





Related News

Comments are Closed