কানাইঘাটে মাটিচাপায় নিহত ৬জনের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভাছড়া পাথর কোয়ারী এলাকার লোভা নদীর তীরবর্তী বাংলাটিলায় পাথর কুড়ানোর সময় মাটিচাপায় নিহত ৬ জনের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেল ৫টায় স্থানীয় মুলাগুল হারিছ চৌধুরী একাডেমী সংলগ্ন মাঠে নামাজের জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। জানাজায় ইমামতি করেন সিলেট-৫ (কানাইঘাট- জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়না তদন্ত শেষে বেলা ২টার দিকে তাদের লাশ কানাইঘাটে নেয়া হয়। তাদের লাশ পৌঁছানোর পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
জানাযায় জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা. ফয়াজ আহমদ, জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন সহ এলাকার হাজার হাজার মানুষ শরীক হন।
জানাযা পূর্বে শোকাহত এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্যে সেলিম উদ্দিন এমপি বলেন, পাথর উত্তোলন করতে গিয়ে ৫ শিক্ষার্থী সহ ৬ জনের মর্মান্তিক দুঃখ জনক মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে যাতে করে লোভাছড়া পাথর কোয়ারী সহ আশপাশ এলাকা থেকে অবৈধভাবে কেউ পাথর উত্তোলন করতে না পারে এজন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন তিনি।
নিহতদের প্রত্যেক পরিবারকে সেলিম উদ্দিন এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকার অনুদান প্রদানের আশ্বাস দেন, সেই সাথে তিনি নিহতদের বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন।
এদিকে, এ ঘটনার প্রেক্ষিতে বুধবার কানাইঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম উদ্দিন প্রধান অতিথি ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, ওসি আব্দুল আহাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এ ঘটনায় টিলার মালিক আহমদ সোলাইমান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব মন্ডল বাদী হয়ে দন্ডবিধির ৩০৪ ধারায় এ মামলা দায়ের করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ। তবে তিনি মামলার তদন্তের স্বার্থে অন্য আসামীদের নাম সাংবাদিকদের কাছে প্রকাশ করতে চাননি।
প্রসঙ্গত; মঙ্গলবার সকালে সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লহ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভাছড়া পাথর কোয়ারী সংলগ্ন বাংলাটিলা এলাকায় নদী তীরে এ ঘটনা ঘটে। তারা স্থানীয় ডাউকেরগুল নেছারিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল উপলক্ষে বসা মেলায় কেনাকাটার খরচ যোগাতে পাথর উত্তোলন করতে সেখানে গিয়েছিল।
নিহতরা হচ্ছে- ইউনিয়নের কান্দলা বাংলাটিলা কোনাগ্রামের মুছব্বির আলীর পুত্র স্থানীয় ডাউকেরগুল নেছারিয়া কৌমি মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী মারুফ আহমদ (১১), একই গ্রামের আলমাছ উদ্দিনের পুত্র কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ আহমদ (১৩), তার সহোদর স্থানীয় মুলাগুল হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাকিল আহমদ (১৩), ইউনুস আলীর পুত্র জাকির আহমদ (১৮), আনোয়ার হোসেনের পুত্র হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কাদির আহমদ (১৪) ও একই গ্রামের আব্দুল বারির পুত্র সুন্দর আলী (৩৮)।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed