Main Menu

সিলেটের তিন উপজেলার সড়ক সংস্কারের কাজ শুরু হচ্ছে

বৈশাখী নিউজ ডেস্ক: সাম্প্রতিককালের বন্যায় সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার সড়ক সংস্কারের কাজ শুরু হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের পর তিনটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের দুটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় দেড়শ’ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০১ কোটি টাকা ব্যয় করা হবে। ইতিমধ্যে তিনটি প্রকল্পের টেন্ডার গ্রহণ সম্পন্ন করেছে সংশ্নিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর সড়কগুলো সংস্কারের খবরে সংশ্নিষ্ট এলাকাবাসী উচ্ছ্বসিত হলেও একই সঙ্গে শঙ্কিত রয়েছেন। বিগত সময়ে বিয়ানীবাজার ও আশপাশ এলাকার সড়ক সংস্কারের মান নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। এলাকাবাসীর দাবি, নামমাত্র সংস্কার নয়, মানসম্মত কাজ চাই।’
সড়ক ও জনপথ বিভাগ সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের ক্ষতিগ্রস্ত ৬৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ১৭২ কোটি টাকার টেন্ডার গত ৩০ অক্টোবর গ্রহণ করেছে। একই মন্ত্রণালয়ের পৃথক প্রকল্পে চারখাই-বিয়ানীবাজার-বারইগ্রাম সড়ক ও গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ক্ষতিগ্রস্থ ১৪ কিলোমিটার সংস্কারের জন্য ২৭ কোটি টাকার টেন্ডার গ্রহণ করা হয় গত ২৩ অক্টোবর।
সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, নিয়ম মেনে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। সঠিক নিয়ম মেনে সড়ক সংস্কার করা হবে। কোনো ধরনের অনিয়ম হলে দ্রুত সময়ের মধ্যে সংশ্নিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রজেক্টের মেয়াদ দুই বছর এবং কাজ শেষ হওয়ার পর আরও তিন বছর সড়কের ক্ষতি হলে ঠিকাদার প্রতিষ্ঠানকে নিজ খরচে সংস্কার করতে হবে। সে জন্য সংস্কার কাজের মান নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই।

Share





Related News

Comments are Closed